তাজরীনের চেয়ারম্যানের জামিন বাতিল, দুই বিচারককে শোকজ
তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিনের ক্ষেত্রে আইনানুগ পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি না মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন ও বিচারিক হাকিম তাজুল ইসলামের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন আদালত।
ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদ গতকাল বৃহস্পতিবার মাহমুদা আক্তারের জামিন বাতিল করে এ আদেশ দেন। একই সঙ্গে তাঁকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, আদালত আসামি মাহমুদার জামিন বাতিল করেছেন। মুখ্য বিচারিক হাকিম আদালত যে প্রক্রিয়ায় জামিন দিয়েছিলেন, তা আইনানুগভাবে হয়নি। তাই রাষ্ট্রপক্ষে জামিন বাতিলের আবেদন করা হয়। আদালত জামিন দেওয়া আইনানুগ পদ্ধতিতে হয়েছে কি না, দুই বিচারককে সে বিষয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার গত ৯ ফেব্রুয়ারি বিচারিক হাকিম তাজুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তবে আদালতের নথিতে দেখা যায়, আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য পরের দিন ধার্য রাখেন। এর পরিপ্রেক্ষিতে ১০ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন দেলোয়ার হোসেনের জামিন নাকচ করেন এবং তাঁর স্ত্রীকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর অদূরে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুন লাগে। এতে অন্তত ১১১ জন নিহত এবং দুই শতাধিক আহত ও অসুস্থ হয়েছিলেন। ঘটনার পরদিন আশুলিয়া থানার পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ এনে একটি মামলা করে। কয়েক দিন পর রেহানা নামের নিখোঁজ এক শ্রমিকের ভাই আবদুল মতিন ঢাকার নিম্ন আদালতে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন। গত বছরের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
অভিযোগপত্রে বলা হয়, কারখানা ভবনটি ইমারত নির্মাণ আইন মেনে করা হয়নি। জরুরি বহির্গমন পথ ছিল না। তিনটি সিঁড়ির মধ্যে দুটি নিচতলার গুদামের ভেতরে শেষ হয়েছে। গুদামে আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে চাইলে ম্যানেজার বাধা দেন। মালিকের অবহেলাজনিত হত্যা ও নরহত্যার স্পষ্ট প্রমাণ মিলেছে বলে উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৪৩৬, ৩০৪, ৩০৪-ক ও ৪২৭ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়।