তাজরীনের দেলোয়ার কারাগারে
প্রতারণার একটি মামলায় আলোচিত তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, প্রতারণার একটি মামলায় তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নগরের কেডিএস গ্রুপের কেডিএস এক্সেসরিজ লিমিটেডের কাছ থেকে ২০১০-১১ সালে ৪৪ লাখ ৪৩ হাজার ৭২০ টাকার মালামাল কেনেন তাজরীন ফ্যাশনসের মালিক। টাকা পরিশোধ না করায় গত বছরের ২২ নভেম্বর কেডিএস গ্রুপের পক্ষে শিমুল সেন বাদী হয়ে দেলোয়ার হোসেনকে আসামি করে ৪০৬ ও ৪২০ ধারায় একটি প্রতারণার মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রথমে সমন ও পরে পরোয়ানা জারি করা হলেও আদালতে হাজির হননি দেলোয়ার। গত ১৩ নভেম্বর চার সপ্তাহের জন্য উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। জামিনের মেয়াদ শেষ হওয়ার উচ্চ আদালতে হাজির হলে তাঁকে নিম্ন আদালতে হাজির হতে আদেশ দেওয়া হয়। আজ নিম্ন আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আদালত প্রাঙ্গণে আজ বিকেলে দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘টাকাগুলো বাদীপক্ষকে দিতে আমার লোকজন ঢাকা থেকে রওনা হয়েছেন।’