তাজরীনের বিমার টাকা আদায় করছেন মন্ত্রীরা
তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতির জন্য বিমা প্রতিষ্ঠান থেকে ১৮ কোটি টাকা আদায় করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন সরকারের মন্ত্রীরা। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক তাজরীনের মালিক দেলোয়ার হোসেনকে এ টাকা আদায়ে সহায়তার আশ্বাস দিয়েছেন। বিমা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বাড়ি ভোলায়, তাই একই এলাকার মন্ত্রী তোফায়েল আহমেদের (বাণিজ্যমন্ত্রী) সহায়তাও নিচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী।
শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতি দুর্ঘটনা না হওয়ায় বিমা প্রতিষ্ঠান কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড তাজরীনের মালিক দেলোয়ার হোসেনের বিমা দাবি করে প্রত্যাখ্যান করেছেন। গত ১৬ এপ্রিল কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. ফখরুদ্দিন সেলিম এই দাবির নথি সার্বিক বিবেচনায় ‘নো-ক্লেইম’ হিসেবে বন্ধ করে দাপ্তরিক চিঠি দিয়েছেন। তাঁরা বলেছেন, ঘটনাটি ‘বিদ্বেষমূলক’। এদিকে ২ সেপ্টেম্বর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও এ বিমা দাবি নিষ্পত্তি করার ব্যাপারে তাজরীন ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যানকে কোনো ইতিবাচক জবাব দেননি। দেলোয়ার হোসেন এই কর্তৃপক্ষের কাছে বিমা-সুবিধা পেতে নালিশ করেছিলেন।
এদিকে কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাছ থেকে বিমার টাকা আদায় করে দেবেন বলে দেলোয়ার হোসেনকে আশ্বস্ত করেছেন মন্ত্রীরা। গত সোমবার নৌমন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ডেকে আনেন শ্রম প্রতিমন্ত্রী ও নৌমন্ত্রী। এ সময় দুই মন্ত্রী বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের টাকা পরিশোধের সিদ্ধান্ত দিতে সাত দিন সময় বেঁধে দেন। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, অনেকটা ধমক ও হুমকির সুরে তাঁদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রীরা। তবে তাঁরাও জানিয়ে দিয়েছেন, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই তাঁদের।
এসব বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফিজউল্ল্যা প্রথম আলোকে বলেন, ‘নৌমন্ত্রী আমাদের সিদ্ধান্ত দিতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে বলেছেন, বিমার টাকা পরিশোধ করতেই হবে, আমাদের ওপর চাপ আছে। কর্ণফুলীর যে সুনাম, তা নষ্ট করবেন না।’ ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ পর্যন্ত তাঁরা চার লাখ টাকার প্রিমিয়াম দিয়েছেন, তাঁদের ১৮ কোটি টাকা বিমা দিতে হবে অবশ্যই আইন-কানুনের মধ্যে, মন্ত্রীরা চাপ দিলেই তো হবে না।
এদিকে মন্ত্রীরা কেন বিমার টাকা আদায়ের জন্য দৌড়ঝাঁপ করছেন, জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রম প্রতিমন্ত্রী হিসেবে শ্রমিকের প্রাপ্য তুলে আদায় করে দেওয়ার দায়িত্ব আমার। আর শ্রমিকনেতা হিসেবে শাজাহান খানও দায়িত্ব পালন করছেন। যেহেতু শ্রমিকদের দেওয়ার জন্য কোনো টাকা দেলোয়ারের কাছে নেই, সেই বিবেচনায় আমরা বিমার টাকা তুলে দেওয়ার চেষ্টা করছি।’ এক প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী বলেন, তাঁরা যেসব যুক্তি তুলে ধরেছেন তা অগ্রহণযোগ্য। শাজাহান খান বলেন, ‘বিমা কোম্পানি ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছে না। শ্রমিকদের কথা চিন্তা করেই আমরা টাকা ওঠানোর চেষ্টা করছি।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ নভেম্বর দিবাগত রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন পোশাকশ্রমিক নিহত হন। আহত হন কয়েক শ শ্রমিক। এখনো নিহত ১৩ শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ পায়নি।