তাজরীনের ঘটনায় ৯ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন কোনো বিলম্ব ছাড়া ৯ জুন আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দিন তাজরীনের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিকালে আদালত রাষ্ট্রপক্ষের উদ্দেশে বলেন, ‘ওনাকে (দেলোয়ার হোসেন) হাজির করতে আপনারা পারলেন না। আপনারা বলেছেন পলাতক, কিন্তু উনি ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়েছেন।’
তাজরীন ফ্যাশনসের কৌঁসুলি গোলাম রাব্বানী প্রথম আলো ডটকমকে বলেন, আদালতের নির্দেশ অনুসারে আজ সকালে তিনি আদালতে হাজির হন।
দেলোয়ার হোসেন যাতে দেশ ত্যাগ করতে না পারেন, এ জন্য ১৯ মে বিমান ও স্থলবন্দরসহ দেশের সংশ্লিষ্ট বহির্গমন কেন্দ্রগুলোতে নির্দেশনা জারি করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে আজ আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়। তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন দাখিলে আজকের দিন ধার্য করেছিলেন।
দেলোয়ারের দেশত্যাগের ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় প্রথম আলো ডটকমকে বলেন, আদালতের নির্দেশনা অনুসারে দেলোয়ার হোসেন যাতে দেশ ত্যাগ করতে না পারেন, এ জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত বছরের ২৪ নভেম্বর রাতে তাজরীনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় শতাধিক শ্রমিক প্রাণ হারান। পুড়ে যাওয়ার কারণে তাঁদের অনেকের পরিচয় জানা যায়নি।