তাজরীনের মালিক ও চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ পলাতক ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম ওয়াসিম শেখ পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে এ গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় গত ২২ নভেম্বর প্রতিষ্ঠানটির মালিক, ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান এ অভিযোগপত্র দাখিল করেন। ঘটনার এক বছর আট দিনের মাথায় এই অভিযোগপত্র দেওয়া হয়।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন তাজরীনের এমডি দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহাবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আবদুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান ওরফে দুলাল, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন ওরফে মঞ্জু, দুলাল উদ্দিন, হামিদুল ইসলাম, আল আমীন, আনারুল, মো. আল আমীন, শামীম মিয়া ও আনিসুর রহমান। শেষের ছয়জনের মধ্যে পাঁচজন জামিনে ও একজন কারাগারে আছেন।
তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে অন্য আসামিদের পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
অভিযোগপত্রে তিনজনকে অব্যাহতির আবেদন করা হয়েছে। তাঁরা হলেন প্রতিষ্ঠানের সহকারী প্রোডাকশন ম্যানেজার সোহেল রানা, কাটিং লোডার সুজন হাওলাদার ও সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস। মামলায় ১০৪ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, কারখানা ভবনটি ইমারত নির্মাণ আইন মেনে করা হয়নি। শ্রমিকদের বের হওয়ার জন্য ভবনটিতে জরুরি বহির্গমন পথ ছিল না। তিনটি সিঁড়ির মধ্যে দুটি নিচতলার গুদামের ভেতরে এসে শেষ হয়েছে। ওই গুদামে আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে চাইলে কারাখানার ম্যানেজার শ্রমিকদের বাধা দিয়ে বলেন, আগুন লাগেনি। অগ্নিনির্বাপণের মহড়া চলছে। তিনি বের হওয়ার পথ বন্ধ করে দেন। এতে শ্রমিকেরা নিচে নামতে পারেননি। মালিকের অবহেলাজনিত হত্যা ও নরহত্যার স্পষ্ট প্রমাণ মিলেছে বলে উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৪৩৬, ৩০৪, ৩০৪-ক ও ৪২৭ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গত বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তাজরীন ফ্যাশনসে আগুন লাগে। এতে অন্তত ১১১ জন নিহত, দুই শতাধিক আহত ও অসুস্থ হয়েছেন। ঘটনার পরদিন আশুলিয়া থানার পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ এনে একটি মামলা করে। ঘটনার কয়েক দিন পর রেহানা নামে নিখোঁজ এক শ্রমিকের ভাই আবদুল মতিন ঢাকার নিম্ন আদালতে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন। আদালত আশুলিয়া থানাকে তা তদন্তের নির্দেশ দেন।