তাজরীনের মালিক কার প্রশ্রয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেলোয়ার হোসেন
দেলোয়ার হোসেন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রায় দুই মাস পরও গ্রেপ্তার হননি এই কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও বহাল তবিয়তেই আছেন তিনি।
পুলিশ বলছে, দেলোয়ার হোসেনকে তারা খুঁজে পাচ্ছে না। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, তাঁর সব প্রতিষ্ঠান তাঁর নেতৃত্বেই চলছে। তিনি মাঝেমধ্যে তাঁর অফিসে বসেনও। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ তাঁকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। বিজিএমইএর চাপেই দেলোয়ার ও তাঁর সঙ্গীদের গ্রেপ্তার করছে না পুলিশ।
তবে শ্রমিক সংগঠনগুলোর এ অভিযোগ অস্বীকার করেছেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে তিনি বলেন, রানা প্লাজা ধসের পর বিজিএমইএ ওই কারখানাগুলোর মালিকদের ডেকে এনে পুলিশে সোপর্দ করেছিল। পুলিশ তখন বিজিএমইএর সাহায্য চেয়েছিল। এখন দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও পুলিশ বিজিএমইএর কাছে আসেনি, সহায়তাও চায়নি।
পুলিশ বলছে, তারা গ্রেপ্তারের চেষ্টা করছে। কিন্তু দেলোয়ারকে খুঁজে পাচ্ছে না।
২০১২ সালের ২৪ নভেম্বর ওই অগ্নিকাণ্ডে ১১১ জন পোশাকশ্রমিক নিহত হয়েছিলেন। এ ঘটনায় সামগ্রিক অবহেলার অভিযোগে শুরু থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন তাঁকে গ্রেপ্তারের দাবি করে আসছিল। অভিযোগপত্রে ১৩ জনকে অভিযুক্ত করা হলেও ১ থেকে ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
রাজধানীর অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তুবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনসে এই আগুনের ঘটনায় পুড়ে, দম বন্ধ হয়ে ও ওপর থেকে পড়ে মারা যান ১১১ শ্রমিক। দুই শতাধিক শ্রমিক আহত বা অসুস্থ হন। ঘটনার পরপরই শ্রমিকেরা কারখানার মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অগ্নিসংকেত বাজার পরও দরজা আটকে রাখার অভিযোগ তোলেন। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিষয়টিকে নাশকতা হিসেবে উল্লেখ করা হয়। পরদিন আশুলিয়া থানার পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করে। সেই মামলায় নাশকতার পাশাপাশি (দণ্ডবিধির ৪৩৬) অবহেলার দরুন মৃত্যুর (৩০৪ ক) ধারাও যুক্ত করা হয়।
গত বছরের ২ জানুয়ারি মামলাটির তদন্তভার পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১১ মাস তদন্তের পর গত বছরের ২ ডিসেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রভুক্ত কারখানার মধ্যম ও নিম্ন পর্যায়ের কর্মী ৭ থেকে ১৩ নম্বর আসামিরা গ্রেপ্তার হয়েছেন। তবে কারখানার মালিক দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তারসহ ১ থেকে ৬ নম্বর আসামি গ্রেপ্তার হননি।
কার কী অপরাধ: অভিযোগপত্রে বলা হয়, ধারাবাহিক অবহেলার ফলেই তাজরীনের অগ্নিকাণ্ড এবং এত হতাহতের ঘটনা ঘটেছে। ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মী, বয়লার অপারেটর, জেনারেটর অপারেটর ও লোডারদের (কুলি) বসার কোনো জায়গা না থাকায় তাঁরা যেখানে-সেখানে বসে গল্পগুজব করতেন। নিচতলায় কোনো দেয়ালঘেরা ছাড়াই যেখানে-সেখানে অতি দাহ্য কাপড়, সুতা ও অন্যান্য সরঞ্জাম রেখে গুদাম বানানো হয়েছিল। সেখানেই লোডাররা বিশ্রাম নেওয়ার সময় বিড়ি-সিগারেট বা দেশলাইয়ের কাঠির আগুন থেকে গুদামে আগুন লাগে বলে তদন্তে প্রতীয়মান হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ বা বয়লার বিস্ফোরণ বা নাশকতার কোনো প্রমাণ মেলেনি। দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার আইনগতভাবেই কারখানার মূল মালিক। তাঁদের কারখানার নিচতলায় অপরিকল্পিত গুদাম করে তাঁরা অপরাধ করেছেন।
৩ নম্বর আসামি প্রকৌশলী এম মাহাবুবুল মোর্শেদ জরুরি নির্গমন পথ, ধোঁয়া প্রতিরোধী সিঁড়ি ছাড়াই নয়তলা কারখানা ভবনের নকশা করেছেন। ভবনে পর্যাপ্ত প্রস্থান পথও নেই।
এ ছাড়া কলকারখানা পরিদর্শন পরিদপ্তরে জমা দেওয়া মূল নকশায় দুটি বহির্গমন পথ থাকলেও পশ্চিম-উত্তর কোণের বহির্গমন পথটি বন্ধ করে রাখা হয়েছিল। বাইরে থেকে আলাদা দেয়াল দিয়ে এই পথটি একেবারেই আটকে দেওয়া হয়। এই বহির্গমন পথটি খোলা থাকলে শ্রমিকেরা সহজে নামতে পারতেন।
আর ওই কারখানায় স্থাপিত অগ্নিনির্বাপণের যন্ত্রগুলো ব্যবহার করা হয়নি। ওই সময় কারখানার নিচে কর্তব্যরত নিরাপত্তা তত্ত্বাবধায়ক আল আমিন, নিরাপত্তা ব্যবস্থাপক আনিছুর রহমান, নিরাপত্তাকর্মী আনারুল রানা, ভান্ডার কর্মকর্তা (সুতা) আল আমিন এবং লোডার মো. শামীম কর্তব্যে অবহেলা করে অপরাধ করেছেন। এঁদের গ্রেপ্তার করা হয়েছে।
অগ্নিসংকেত বাজার পরও কারখানার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার কলাপসিবল গেট বন্ধ করে শ্রমিকদের বের হতে দেওয়া হয়নি। তদন্তে এ জন্য অভিযুক্ত করা হয়েছে ব্যবস্থাপক আবদুর রাজ্জাক, সহকারী উৎপাদন ব্যবস্থাপক সোহেল রানা, মান ব্যবস্থাপক শহীদুজ্জামান, উৎপাদন ব্যবস্থাপক মোবারক হোসেন, প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দীন এবং ভান্ডার কর্মকর্তা হামিদুল ইসলামকে। এঁদের মধ্যে শুধু দুলাল ও হামিদুল গ্রেপ্তার হয়েছেন। কারখানা ব্যবস্থাপকসহ অন্যরা পলাতক।
আর সোহেল রানার পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় তাঁকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল কুদ্দুস তাজরীন ভবনের নকশার সঠিকতা যাচাই না করেই তাতে প্রতিস্বাক্ষর করে অপরাধ করেছেন। তবে গত বছরের ১৪ জানুয়ারি তিনি মারা যাওয়ায় তাঁকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।
লোডার ইনচার্জ সুজন হাওলাদারের বিরুদ্ধে অগ্নিকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হলেও স্থায়ী ঠিকানা না পাওয়ায় তাঁকে অভিযোগপত্রের বাইরে রাখা হয়। পরে পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া গেলে সোহেল ও সুজনের সম্পূরক অভিযোগপত্রে যুক্ত করা হবে।
তবু গ্রেপ্তার হচ্ছেন না: এ ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির প্রতিবেদনে (২০১২ সালের ১৭ ডিসেম্বর জমা দেওয়া) দেলোয়ারের ভূমিকা প্রসঙ্গে বলা হয়, তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন মোবাইল ফোনে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান। অথচ তিনি দূর থেকে আগুন দেখে আত্মগোপনে চলে যান। ঘটনার দুই দিন পর অগ্নিকাণ্ডের বিষয়টাকে দুর্ঘটনা উল্লেখ করে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই ডায়েরিতে হতাহত শ্রমিকদের কথা কিছুই উল্লেখ না করে ২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। অথচ তদন্ত কমিটির কাছে দেওয়া সাক্ষ্যে তিনি উল্লেখ করেন, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৩ কোটি টাকা। থানার জিডি ও পরবর্তী সময়ে সাক্ষ্যে ক্ষতির পরিমাণের এই বিশাল তারতম্যের পেছনে কোনো দুরভিসন্ধিজাত অন্তর্ঘাত আছে কি না, তা বিবেচনার দাবি রাখে।
বিজিএমইএর প্রতি অভিযোগ: গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বিজিএমইএ ও সরকার শুরু থেকেই দেলোয়ার হোসেনকে প্রশ্রয় দিয়ে চলেছে। তাঁকে গ্রেপ্তারে সরকার আন্তরিক ছিল না কখনোই।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার বলেন, ‘কত কঠিন জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ধর্ষ সব সন্ত্রাসীকে ধরে ফেলছে। অথচ দেলোয়ারকে ধরতে পারছে না। তিনি একজন শিল্পপতি। তাঁর ব্যবসা আছে, স্থাবর সম্পত্তি আছে। আমাদের কাছে তথ্য আছে, তিনি এখনো স্বাভাবিকভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অথচ পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না।’
দেলোয়ারের বাসা রাজধানীর বাড্ডা থানার আনন্দনগর এলাকায়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ আগে গ্রেপ্তারি পরোয়ানা আদালত থেকে থানায় এসেছে। এর পর থেকে থানার কর্মকর্তারা প্রায় প্রতিদিনই তাঁর বাসায় খোঁজ করছেন। থানার সব কর্মকর্তার কাছে পরোয়ানার আসামিদের নামের তালিকা দেওয়া আছে।
তাজরীনের পর গত বছরের ২৬ জানুয়ারি মোহাম্মদপুরে স্মার্ট গার্মেন্টসে আগুন লেগে সাত নারী কর্মীর মৃত্যুর পর কারখানার তিন মালিকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। রানা প্লাজা ধসের পর গ্রেপ্তার হয়েছেন ভবনের মালিকসহ ওই ভবনের সব কারখানার মালিকেরা। কিন্তু তাজরীনের মালিক দেলোয়ার শুধু ব্যতিক্রম।