
চট্টগ্রামে একটি প্রতারণা মামলায় কারাগারে পাঠানো হয়েছে আলোচিত তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিক দেলোয়ার হোসেনকে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, দেলোয়ার হোসেন হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নগরের কেডিএস গ্রুপের কেডিএস এক্সেসরিজ লিমিটেডের কাছ থেকে ২০১০-১১ সালে ৪৪ লাখ ৪৩ হাজার ৭২০ টাকার মালামাল ক্রয় করেন দেলোয়ার হোসেন। টাকা পরিশোধ না করায় গত বছরের ২২ নভেম্বর কেডিএস গ্রুপের পক্ষে শিমুল সেন বাদী হয়ে প্রতারণার অভিযোগে দেলোয়ার হোসেনকে আসামি করে চট্টগ্রাম মহানগর আদালতে মামলা করেন। প্রথমে সমন ও পরে পরোয়ানা জারি করা হলেও আদালতে হাজির হননি দেলোয়ার। গত ১৩ নভেম্বর চার সপ্তাহের জন্য উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতে হাজির হলে তাঁকে নিম্ন আদালতে হাজির হতে আদেশ দেওয়া হয়। গতকাল হাজির হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত ও ২০০ জনের বেশি দগ্ধ হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গত বছরের ২২ ডিসেম্বর দেলোয়ার, তাঁর স্ত্রীসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগত্র দেওয়া হয়। এ মামলায় গত ২৪ জুলাই উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গত ৫ আগস্ট কারাগার থেকে মুক্তি পান দেলোয়ার।