তাজরীনের মালিককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় মালিক দেলোয়ার হোসেনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এতে হতাহতদের পরিবারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি করেছে সংগঠনগুলো।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের তিন বছর পূর্তিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, শ্রমিক নিরাপত্তা ফোরাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথক পৃথক মানববন্ধন করে।
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদসহ এসব মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সে জন্য উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাঁরা তাজরীনের ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জোর দাবি জানান।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে দাবি করা হয়, তাজরীনের মালিক দেলোয়ার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাঁর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে আহত শ্রমিকদের দেওয়া হচ্ছে না। ক্ষতিপূরণের নামে যে সহায়তা দেওয়া হচ্ছে সেটি আসলে লোক ঠকানোর প্রক্রিয়া। এই মানববন্ধনে নিহতদের ক্ষতিপূরণ ও তাজরীন ফ্যাশনসের মালিককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও শ্রমিক নিরাপত্তা ফোরাম সকালে জুরাইন কবরস্থানে অগ্নিকাণ্ডে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।

রাষ্ট্রপক্ষে সাক্ষীর অভাবে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলার বিচারকাজ ঝুলে আছে। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় তিন বছর পর চলতি বছরের ৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে ১ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন আদালত। ওই দিন সাক্ষী হাজির না হওয়ায় আদালত ১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। পরে আদালত আবার ১০ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।
মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলামের আদালতে বিচারাধীন।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন ১০৪ জন। ২০১৩ সালের ২ ডিসেম্বর ওই মামলার অভিযোগপত্র দেয় সিআইডি।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন, তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রতিষ্ঠানের প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, ইনচার্জ আনিসুর রহমান, স্টোর ইনচার্জ আল-আমিন, কারখানা ম্যানেজার আবদুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল ও লোডার শামীম মিয়া। এঁদের মধ্যে শেষের চারজন পলাতক।
গতকাল প্রকৌশলী মাহবুবুল মোর্শেদ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। বাকিরা আগে থেকেই জামিনে আছেন।