তাজরীনের মালিককে গ্রেপ্তারের দাবি

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার এক বছর পূর্ণ হলো গতকাল রোববার।
বিভিন্ন শ্রমিক সংগঠন নিহত শ্রমিকদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে দিনটি স্মরণ করে। এসব সমাবেশ থেকে তাজরীনের মালিককে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার পাশাপাশি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
জুরাইন কবরস্থানে সকালে শ্রদ্ধাঞ্জলি দেয় গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। পরে এক স্মরণ সমাবেশে তাজরীনের মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তাজরীনের মালিককে গ্রেপ্তার করা না হলে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।
পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মাহবুবুর রহমান, জুলহাস নাইন প্রমুখ।
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে শোকসভা ও প্রদীপ প্রজ্বালনের আয়োজন করে কর্মজীবী নারী। সমাবেশে কর্মক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়াসহ নয় দফা দাবি তুলে ধরেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক।
ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল গতকাল সকালে জুরাইন কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে এক সমাবেশে শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সাভারের ধসে পড়া রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের হতাহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ কারখানা ও ভবন মালিকের বিচারের দাবিতে গতকাল সকালে সমাবেশ ও মিছিল করেছে। রানা প্লাজার সামনে অনুষ্ঠিত এ সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ বলেন, দুর্ঘটনার পর সারা বিশ্ব থেকে যে পরিমাণ সাহায্য এসেছে তা দেওয়া হলে একেকজন শ্রমিক ১০ লাখ টাকা করে পেতেন।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার, নাট্যশিল্পী অরূপ রাহী ও বন্যা মির্জা বক্তব্য দেন।