তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিককে গ্রেপ্তার এবং অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ১০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে।গতকাল শনিবার গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।শহীদ আসাদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মঞ্চের সমন্বয়কারী লাভলী ইয়াসমীন। এতে উপস্থিত ছিলেন আবুল হোসাইন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ফেরদৌসী বেগম, গোলাম রাব্বানী প্রমুখ।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হলেও এ কারখানার মালিককে সরকার গ্রেপ্তার করেনি। তাজরীনের মালিক ঢাকার রাজপথে বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। অথচ দুর্ঘটনার পর মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অগ্নিকাণ্ডের জন্য মালিকপক্ষের আইন অমান্য করার বিষয়টিকে দায়ী করা হয়েছে। অন্যদিকে বিজিএমইএর তদন্ত প্রতিবেদনে মালিককে দায়ী না করে কারখানার অন্য কর্মকর্তাদের দায়ী করা হয়েছে। তাই এ প্রতিবেদনটি শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। কেননা অগ্নিকাণ্ডের দায় মালিক কোনোভাবেই এড়াতে পারেন না। সরকারের কারখানা পরিদর্শন পরিদপ্তরের সংশ্লিষ্টদেরও দায়িত্ব অবহেলার জন্য তাঁদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের চিকিৎসা এবং নিহত শ্রমিকদের ডিএনএ পরীক্ষার ফল দ্রুত প্রকাশেরও দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।