তাজরীনের মালিককে গ্রেপ্তারের দাবিতে শ্রম ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার, শ্রমিকদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে গতকাল রোববার শ্রম পরিচালক ও কলকারখানা পরিদর্শকের কার্যালয় ঘেরাও করেছে তৈরি পোশাক শ্রমিকদের কয়েকটি সংগঠন।জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে গতকাল দুপুর ১২টার দিকে শ্রম ভবন ঘেরাও করে সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে শ্রম ভবনের প্রধান ফটকে সমাবেশ হয়। ঘেরাও কর্মসূচি ও সমাবেশে অংশগ্রহণ করে: গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক টিইউসি, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক সংহতি। সমাবেশে নেতারা তাজরীন ও স্মার্ট গার্মেন্টসের মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত শ্রমিকদের পুরো জীবনের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, কর্মস্থলে জীবনের নিরাপত্তা, দুর্ঘটনার জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের অপসারণ প্রভৃতি দাবি জানান। দাবি মানা না হলে ১১ ফেব্রুয়ারি থেকে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।সমাবেশে জানানো হয়, আন্দোলনের অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারি বিকেল চারটায় গাজীপুর চৌরাস্তা থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৭ ফেব্রুয়ারি বিকেল চারটায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পদযাত্রা, ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় আশুলিয়ার তাজরীন কারখানার সামনে থেকে পদযাত্রা, ওই দিন বিকেল চারটায় নারায়ণগঞ্জ শহীদ মিনার থেকে পদযাত্রা, ১০ ফেব্রুয়ারি বিকেল চারটায় নাবিস্কো মোড় থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তি।