তাজরীনের মালিকসহ ১৩ জনের বিচার শুরু

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই অভিযোগ গঠনের মধ্য দিয়েই শুরু হলো এর বিচারকাজ।
আসামিদের বিরুদ্ধে ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে। প্রায় তিন বছর আগে তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১১ জন পোশাক শ্রমিকের মৃত্যু হয়। দেশে এই প্রথম পোশাক খাতের কোনো মালিকের বিরুদ্ধে বিচারকাজ শুরু হলো।
গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ এম কুদ্দুস জামান অভিযোগ গঠন করে আগামী ১ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আসামি ১৩ জন হলেন দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী মাহমুদা আক্তার, প্রতিষ্ঠানের প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, ইনচার্জ আনিসুর রহমান, স্টোর ইনচার্জ আল-আমিন, কারখানা ম্যানেজার আবদুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল ও লোডার শামীম মিয়া। তাঁদের মধ্যে শেষের চারজন পলাতক আছেন। আর গতকাল মাহবুবুল মোর্শেদ আত্মসমর্পণ করে জামিন নেন। অন্যরাও জামিনে আছেন। দেলোয়ার হোসেন, মাহমুদা আক্তারসহ জামিনে থাকা আট আসামি গতকাল আদালতে উপস্থিত ছিলেন।
গতকাল আসামিপক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। আদালত তা নাকচ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। অভিযোগপত্রে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান জানান, দণ্ডবিধির ৩০৪ ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার গত রাতে প্রথম আলোকে বলেন, ‘অবশেষে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমত এটিকে স্বাগত জানাই। বাকি মালিকদের জন্য এটি একটি সংকেত। যদিও বিচারের রায়ের ওপর অনেক কিছু নির্ভর করে।’
কল্পনা আক্তার আরও বলেন, ‘তাজরীনের মালিককে বিচারের আওতায় আনা হলেও কারখানা পরিদর্শকদের ক্ষেত্রে সেটি হয়নি। কারখানার নিচতলায় সিঁড়ির পাশে দাহ্য বস্তু ছিল, সেগুলো দেখে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল এই পরিদর্শকদের। তাঁরা তাঁদের দায়িত্বে ফাঁকি দিয়েছেন। কিন্তু সরকার এই কর্মকর্তাদের বাঁচিয়ে দিল। এটি খুবই দুঃখজনক।’
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১১ জন পোশাকশ্রমিকের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন ১০৪ জন শ্রমিক।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হয়। ২০১৩ সালের ২ ডিসেম্বর অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে বলা হয়, আগুন লাগার পর শ্রমিকদের বের হতে না দিয়ে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।