তাজরীনের মালিকের জামিন নাকচ
আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিক দেলোয়ার হোসেনের জামিনের আবেদন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতও নাকচ করেছেন। তবে তাঁর স্ত্রী মাহমুদা আকতারের জামিন বাতিল করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ২০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বিচারক আবদুল মজিদ গতকাল বৃহস্পতিবার এসব আদেশ দেন। গত ১০ ফেব্রুয়ারি মুখ্য বিচারিক হাকিম আদালত মাহমুদাকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই আদালত দেলোয়ার হোসেনের জামিনের আবেদন নাকচ করেন। সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান পরে মাহমুদার জামিন বাতিলের জন্য জেলা জজ আদালতে আবেদন করেন। গতকাল শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়।
রাষ্ট্রপক্ষে বলা হয়, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মালিকপক্ষের অবহেলার কারণে তাঁদের মৃত্যু হয়েছে। আসামিরা জামিনে গেলে মামলার বিচারকাজে বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ বলেন, আসামি কোনো অপরাধ করেননি। এটি ছিল নিছক দুর্ঘটনা। তা ছাড়া ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে আসামিরা জামিন পেতে পারেন।
গত বছরের ২২ ডিসেম্বর তাজরীন ফ্যাশনসের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। অভিযোগপত্রভুক্ত অন্যরা হলেন এম মাহাবুবুল মোর্শেদ, আবদুর রাজ্জাক, শহীদুজ্জামান, মোবারক হোসেন, দুলাল উদ্দিন, হামিদুল ইসলাম, আল আমিন, আনারুল, আল আমীন, শামীম মিয়া ও আনিসুর রহমান।