তাজরীনের মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য বিমান, স্থলবন্দরসহ দেশের সংশ্লিষ্ট বহির্গমন কেন্দ্রগুলোতে নির্দেশনা জারি করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়ার পাশাপাশি রুল জারি করেন। একই সঙ্গে তাজরীন ফ্যাশনসের মালিককে ৩০ মে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনও দাখিল করার নির্দেশ দিয়েছেন। রুলে মালিকের ‘ইচ্ছাকৃত অবহেলায়’ তাজরীনের ১১২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাঁকে গ্রেপ্তারে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং তাজরীনের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।জানা যায়, তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে গত ২৮ এপ্রিল নৃবিজ্ঞানী নাজনিন আক্তার বানু, সাইদিয়া গুলরুখ কামাল ও মাহমুদুল হাসান আবেদনটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস। সঙ্গে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও নূর উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।আদেশের বিষয়টি জানিয়ে জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রসচিব, শ্রমসচিব, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি, পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।গত বছরের ২৪ নভেম্বর রাতে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন। তাঁদের কয়েকজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।