তাজা দেখাতে মাছে রং ও ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাটবাজারগুলোতে লাল রং ও ফরমালিন মিশিয়ে মাছ বিক্রি করা হচ্ছে। মাছ তাজা দেখাতে বিক্রেতারা এ কাজ করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।গত মঙ্গলবার দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী বাজারে গিয়ে দেখা যায়, মাছ ব্যবসায়ীরা সামুদ্রিক লইট্যা ও ওন্দারা মাছে রং লাগাচ্ছেন। তাঁরা প্রথমে বালতির পানির সঙ্গে রং মেশান। পরে সাদা মাছগুলো ওই বালতিতে চুবিয়ে রং পরিবর্তন করে বিক্রি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাছ ব্যবসায়ী বলেন, ‘ক্রেতারা মাছ লাল না হলে নেন না, তাই রং লাগানো হচ্ছে।’ তিনি আরও বলেন, আনোয়ারার সব ব্যবসায়ী এভাবে রং লাগান। তবে তিনি মাছে রং লাগানোর ঘটনায় জড়িতদের নাম জানাতে রাজি হননি। শুধু চাতরীই নয়, আনোয়ারার বড় বড় বাজার তথা রুস্তম হাট, সরকার হাট, মালঘর বাজারে রং ও ফরমালিন লাগিয়ে মাছ বিক্রি করতে দেখা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মাছবিক্রেতা জানান, বাজারের মুদি দোকান থেকে জিলাপি তৈরির কাজে ব্যবহূত রং কিনে আনা হয়। এরপর গাঢ় করে লাল রং তৈরি করা হয়। আনোয়ারা সদরের শাহ-ই দরবার হোটেলের মালিক মোহাম্মদ হোছাইন জানান, জিলাপির রং এত গাঢ় নয়। মাছে ব্যবহূত রং নিশ্চয়ই অন্য কিছু হতে পারে।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, ‘আমি আনোয়ারার বিভিন্ন হাটবাজারে মাছে রং ব্যবহারের কথা শুনেছি। পরিদর্শনে গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ জানান, তাজা দেখানোর জন্য মাছে যে রং লাগানো হয়, তা শরীরের জন্য ক্ষতিকর। ফরমালিনও শরীরের জন্য ক্ষতিকর। রং ও ফরমালিন মেশানো মাছ খেলে ধীরে ধীরে কিডনিতে সমস্যা হতে পারে।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী জানান, ব্যবসায়ীরা আর যাতে মাছে রং ও ফরমালিন লাগাতে না পারে সে জন্য শিগগিরই হাটবাজারগুলোতে অভিযান চালানো হবে।