তাজা মাছ, টাটকা পণ্য শত বছরের আঁটিবাজারে
কুয়াশা ঢাকা সকালে জমে উঠেছে নদীর ঘাট। ঘাটে ভিড়তে শুরু করেছে পণ্যবোঝাই ট্রলার। অপেক্ষমাণ কুলিরা ব্যস্ত মাল নামানো নিয়ে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা মালবোঝাই ট্রলারগুলো থেকে একে একে নামানো হচ্ছে টাটকা শাকসবজি, মাছ, ফলমূল, তরিতরকারি ও অন্যান্য জিনিস।
এটি রাজধানীর সন্নিকটে অবস্থিত কেরানীগঞ্জের আঁটিবাজারের প্রতিদিনের চিত্র। মোহাম্মদপুরের বছিলা ব্রিজের ওপারেই এর অবস্থান। রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সিএনজিচালিত অটোরিকশায় ছয় থেকে আট মিনিটের পথ আঁটিবাজার। রায়েরবাজার থেকে ভাড়া ১০-১৫ টাকা করে।
বহু বছরের পুরোনো এই বাজারে খুব সকালে বসে মাছের হাট। নদী ও বিলের টাটকা মাছ পাওয়া যায়। রাজধানী থেকে অনেকেই মাছ কিনতে যান সেখানে। ট্রলার থেকে নামানো বাঁশের খাঁচির দিকে তাকালেই দেখা যায় টেংরা, পুঁটি, খলসে, দেশি কই, টাকি, ফলি, শিং, মাগুরসহ নানান জাতের দেশি মাছ লাফালাফি করছে।
মাছ বিক্রেতারা জানালেন, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা আঁটিবাজার, নিমতলী, চণ্ডীপুর, ভাওয়াল, ভেউতা, তারানগর, সিরাজনগর, কলাতিয়াসহ অনেক এলাকা থেকে মাছ আসে এ বাজারে।
গতকাল সকালে কথা হয় এই বাজারের প্রবীণ মাছ বিক্রেতা জামাল মিয়ার সঙ্গে। খাঁচিতে করে ট্যাংরা মাছ তুলেছেন। বললেন, পাইকারি বিক্রেতারা ভোর হওয়ার আগেই আসতে শুরু করেন। এরপর খাঁচা তোলা হয় নিলামে। যিনি বেশি দর হাঁকেন, খাঁচাভর্তি মাছ হয়ে যায় তাঁর। তবে খুচরা ক্রেতারাও আসেন টাটকা মাছ কিনতে।
মোহাম্মদপুরের মাছ বিক্রেতা মো. চান মিয়া বলেন, ‘১০ বছর ধইরা মাছের ব্যবসা করি। সব সময় এই হাট থেইকায় মাছ কিইনা মোহাম্মদপুরে বেচি। এহন পানি শুকাইতাছে। এতে অনেক মাছ ধরা পড়তাছে। তাই দেশি মাছের বাজার এহন বেশ ভালো।’
দুই কেজি তারা বাইন এবং এক কেজি টাকি মাছ কিনে এসেছিলেন মোহাম্মদপুরের অমলেশ সরকার। বললেন, ‘অনেক দিন আগে থেকেই পরিবারের জন্য এখান থেকে মাছ কিনি। চোখের সামনে তাজা মাছের লাফালাফি দেখার মজাই আলাদা।’
শত বছরের পুরোনো এই বাজারে গরুর খাঁটি দুধও পাওয়া যায়। বাজারের আশপাশের গো-খামারিরাই দুধ নিয়ে আসেন সেখানে। মসজিদ মার্কেট অংশের পাশেই বসে দুধের হাট। কেজিপ্রতি দাম পড়ে ৫০-৬০ টাকা।
আঁটিবাজারের চায়ের দোকানগুলোতেও মেলে গরুর দুধের চা। পাঁচ টাকা প্রতি কাপ। অনেক চা-দোকানে দুধ চায়ের পাশাপাশি শুধু দুধও বিক্রি করা হয়। চা বিক্রেতা মজনু বলেন, আঁটিবাজারে আপনি কোথাও কৌটা দুধের চা পাবেন না।
আঁটিবাজারের জনপ্রিয় পণ্য হলো ইন্ডিয়ান শাহি পান। এলাকার লোকজনের কাছে এ পান বেশ প্রিয়। নানান পদের জর্দা মিশিয়ে এ পান তৈরি করা হয়। আঁটিবাজারে এমন অনেক মানুষ আছেন, যাঁরা দিনে একাধিকবার এই পান খান।
সপ্তাহের মঙ্গলবার এখানে বসে গবাদিপশুর হাট। বাজারে পাওয়া যায় শুকনো হলুদসহ বিভিন্ন প্রকার মসলা। তাৎক্ষণিকভাবে মেশিনে ভাঙিয়েও নেওয়া যায়।
শীত আসায় আঁটিবাজারের সবজি আসতে শুরু করেছে। শিম, মুলা, টমেটো, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, মিষ্টিকুমড়া, চালকুমড়া, আলু, বেগুন, লালশাক, ডাঁটাশাকসহ নানান ধরনের সবজিতে বাজার ঠাসা। রাজধানীর যেকোনো বাজারের তুলনায় তুলনামূলক কম। আঁটিবাজার কবে থেকে শুরু হয়েছিল, তা কারোরই জানা নেই। অনেকেই মনে করেন, বাজারের বয়স দুই থেকে তিন শত বছর। বাজারের কিছু প্রবীণ ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ‘জন্ম থেইকাই তো বাজার দেখছি।’
বুড়িগঙ্গাপারে বহু বছরের পুরোনো এই বাজার ঘিরে এখন গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন, চিকিৎসাকেন্দ্র, বাজার, দোকানপাট। বছিলায় নদীর ওপর শহীদ বুদ্ধিজীবী সেতু নির্মাণের পর রাজধানীর সঙ্গে সড়কপথে যোগাযোগ সৃষ্টি হয় আঁটিবাজারের। তবে আজও বাজারের অধিকাংশ জিনিস আসে নদীপথে ট্রলারে করে।