তাজুল আউট, সুলতান ইন
জাতীয় পার্টির দপ্তর সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলাম চৌধুরীকে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান মাহমুদ। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিএমএইচে নিয়ে যায়। রওশনের নেতৃত্বে জাতীয় পার্টির যে অংশটি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়, তাতে মুখ্য ভূমিকা পালন করেন তাজুল ইসলাম চৌধুরী। তিনি বর্তমানে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ।
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নিযুক্ত হওয়ায় সুলতান মাহমুদকে এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।’