তাজুল ইসলামের দাফন বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজুল ইসলাম চৌধুরী
তাজুল ইসলাম চৌধুরী

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের সাংসদ সদ্যপ্রয়াত তাজুল ইসলাম চৌধুরীর দাফন আজ বুধবার সম্পন্ন হবে। এ দিকে মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে তাঁর মরদেহ কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আনা হবে। সেখান থেকে শহরের সবুজ পাড়ার নিজ বাসভবনে মরদেহ সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বেলা দুইটায় কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সেখানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

সাংসদ তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবদুল জলিল, জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মেজর আবদুল ছালাম, কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ আক্কাস আলী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেন।

কুড়িগ্রাম-২ আসন থেকে সাতবার সাংসদ নির্বাচিত হন তাজুল ইসলাম চৌধুরী। তিনি জাতীয় পার্টির সরকারের সময় ভূমি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া চলমান দশম জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।

প্রসঙ্গত, গত সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজুল ইসলাম চৌধুরী মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।