তাজুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত অসদা-চরণের অভিযোগে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এই আদেশ দেন। আদেশে বলা হয়, নির্ধারিত সময়ে এর জবাব দিতে না পারলে তাজুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মিছবাহুর রহমান চৌধুরীকে গত রোববার জেরার সময় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম ও তাজুল ইসলামের সঙ্গে সাক্ষীর বাগিবতণ্ডা হয়। ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের অপর আইনজীবী মুন্সি আহসান কবির অশোভন আচরণের অভিযোগ এনে সাক্ষী মিছবাহুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। ট্রাইব্যুনাল বিষয়টি পরে দেখবেন বলে জানান। এ সময় তাজুল ইসলাম বলেন, ‘একজন সাক্ষী আদালতে বসে আইনজীবীকে আক্রমণাত্মক কথা বলবেন, অথচ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা হলে সেখানে একজন আইনজীবী হিসেবে আত্মমর্যাদা নিয়ে বসে থাকা সম্ভব নয়।’ পরে তিনি ট্রাইব্যুনালের অনুমতি না নিয়ে এজলাসকক্ষ থেকে বেরিয়ে যান। এরপর ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে ওই আদেশ দেন।নিজামীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১১ নভেম্বর: এদিকে নিজামীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মিছবাহুরকে গতকাল জেরা শেষ করে আসামিপক্ষ। এ সময় নিজামী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। জেরার শেষ পর্যায়ে আইনজীবী মিজানুল ইসলাম মত (সাজেশন) দেন, সাক্ষী রাজনৈতিক কারণে নিজামীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। মিছবাহুর বলেন, এটি সত্য নয়।পরে ট্রাইব্যুনাল এই মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন।