তাজুলের মৃত্যুর জন্য এরশাদের বিচার দাবি
তাজুল ইসলামসহ স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে শহীদদের মৃত্যুর জন্য হুসেইন মুহম্মদ এরশাদকে দায়ী করে তাঁকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল মঙ্গলবার ঢাকায় তাজুল ইসলামের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘গণতন্ত্রের জন্য স্বৈরাচারবিরোধী আন্দোলনে কমরেড তাজুলসহ অনেকেই শহীদ হয়েছেন। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন দূরে থাক, বাংলাদেশ এখন সেই স্বপ্নের উল্টো পথে চলছে। স্বৈরশাসক খুনি এরশাদ এখন বর্তমান সরকারের সঙ্গী। স্বৈরাচারকে সঙ্গে নিয়ে যেমন গণতন্ত্র হয় না, তেমনি গণতন্ত্র বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘গণতন্ত্র, গণতান্ত্রিক আন্দোলন ও শহীদদের প্রতি শেখ হাসিনার যদি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ থেকে থাকে, তাহলে তাঁর উচিত হবে তাজুলসহ গণতান্ত্রিক আন্দোলনের অনেক সংগঠককে খুনের হুকুমদাতা হিসেবে স্বৈরাচার এরশাদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।’
সমাবেশের আগে সিপিবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের নেতা ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা নিবেদন করেন। বিজ্ঞপ্তি।