তাঞ্জানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ফজলে হাসান আবেদ
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জাকায়া ম্রিশো কিকওয়েটের সঙ্গে দেখা করেছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ। গত রোববার তাঞ্জানিয়ার রাজধানী দার-এস-সালামের প্রেসিডেন্ট প্রাসাদে এ সাক্ষাত্ হয়।বৈঠকে তাঞ্জানিয়ার প্রেসিডেন্টকে তাঞ্জানিয়ায় ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ফজলে হাসান আবেদ। চার বছরেরও কম সময়ের মধ্যে দেশটির ২৬টি অঞ্চলের ১৮টিতে পাঁচ লাখেরও বেশি দরিদ্র পরিবারের কাছে ক্ষুদ্রঋণ ও অন্যান্য জীবিকা উন্নয়নসেবা পৌঁছে দিয়েছে ব্র্যাক। প্রেসিডেন্টের কাছে তাঞ্জানিয়ায় ব্র্যাকের রূপরেখাও তুলে ধরেন তিনি।তাঞ্জানিয়ায় ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন প্রেসিডেন্ট জাকায়া ম্রিশো কিকওয়েট। বৈঠকে ফজলে হাসান আবেদের সঙ্গে ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ও উপ-নির্বাহী পরিচালক এবং তাঞ্জানিয়ার ব্র্যাকের প্রধান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।