তাড়াইলে ইজিবাইকের ভাড়া বেড়ে দ্বিগুণ
বিদ্যুৎ না থাকায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন সড়কে পাঁচ দিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইকের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। এরপরও বাধ্য হয়ে যাত্রীরা বেশি টাকা দিয়ে গন্তব্যস্থলে যাচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবারের ঝড়ের পর থেকে তাড়াইলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় উপজেলার ছয় শতাধিক ইজিবাইকের চালকেরা ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে পারেন না। ফলে তাঁরা ইজিবাইকও চালাতে পারছেন না। এ সুযোগে কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ ও নেত্রকোনার কেন্দুয়ার ইজিবাইকের চালকেরা প্রতিদিন তাড়াইলে এসে দ্বিগুণ ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছেন।
তাড়াইল সদর থেকে নান্দাইল চৌরাস্তার দূরত্ব ১৬ কিলোমিটার। আগে ওই ১৬ কিলোমিটার রাস্তায় ইজিবাইকের ভাড়া ছিল জনপ্রতি ২৫ টাকা। কিন্তু এই রাস্তায় গত শনিবার থেকে যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। তাড়াইল সদরের বাসিন্দা রুবেল মিয়া (২৬) অভিযোগ করে বলেন, ‘আগে তাড়াইল থেকে নান্দাইল চৌরাস্তায় ইজিবাইকের ভাড়া ছিল ২৫ টাকা, এখন দিতে হচ্ছে ৪০-৪৫ টাকা।’ এমন অভিযোগ করেন আরও অনেকে।
এ অবস্থা শুধু তাড়াইল-নান্দাইল সড়কের নয়। তাড়াইল-কিশোরগঞ্জ, তাড়াইল-কেন্দুয়া, তাড়াইল-কালীগঞ্জ সড়কসহ বিভিন্ন সড়কের। বিদ্যুৎ না থাকায় ইজিবাইকের পাশাপাশি ডিজেলচালিত যাত্রীবাহী পিকআপ, সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও বেড়ে গেছে।
গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর থেকে ইজিবাইক নিয়ে আসা চালক রহিম উদ্দিন (৪৫) জানান, ‘তাড়াইলে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। আমরা দূর থেকে এসে প্রতিদিন এখানে যাত্রী আনা-নেওয়া করছি। ভাড়া বেশি নিলেও যাত্রীদের উপকার করছি আমরা।’
করিমগঞ্জ সদর থেকে আসা চালক সাইকুল মিয়া (২২) বলেন, ‘যাত্রীদের সঙ্গে ভাড়ার বিষয়টি ফয়সালা করেই তাঁদের গাড়িতে উঠাচ্ছি। এতে দোষের কিছু নেই।’
তাড়াইল পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের দায়িত্বরত মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে। ইতিমধ্যে তাড়াইল সদর ছাড়াও কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। আশা করছি, অবশিষ্ট এলাকায় দু-একদিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করতে পারব।’