তাড়াশ-বারুহাঁস সড়কের কাজ বন্ধ, জনদুর্ভোগ
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-বারুহাঁস সড়কের নির্মাণকাজ এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে৷ কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ায় তা বন্ধ করে এলজিইডি৷ এতে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।
এলজিইডির সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী ও তাড়াশ উপজেলা কার্যালয় থেকে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে জেলা সদর দপ্তর থেকে তাড়াশ-বারুহাঁস সড়কের প্রায় সাড়ে ১০ কিলোমিটার সড়ক পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণের জন্য দরপত্র আহ্বান করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ও জিওবি অর্থায়নে দ্বিতীয় রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আরটিআইপি-২) আওতায় এমএম পিয়াস কনস্ট্রাকশন কাজটি পায়। পরে চার কোটি ৬৫ লাখ ৬৫২ টাকা ব্যয় উল্লেখ করে ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গত ৫ মার্চ ঠিকাদার ওই সড়কের সংস্কারকাজ শুরু করেন। কিছু কাজ করার পর ঠিকাদাির প্রতিষ্ঠান প্রথম পর্যায়ের বিল দাখিল করে। বিলটি যাচাই-বাচাই করার একপর্যায়ে কর্তৃপক্ষ জানতে পারে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবির) কালো তালিকায় রয়েছে এমএম পিয়াস কনস্ট্রাকশন । বিষয়টি জানার পর এক সপ্তাহ আগে ওই কাজ বন্ধ করে দেয় এলজিইডি।
এদিকে কাজটি বন্ধ হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাওয়ায় এলাকার হাজার হাজার মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। গাড়ি চলাচল দূরের কথা, পায়ে হেঁটে চলাও বন্ধ হয়ে গেছে।
বারুহাঁস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোক্তার হোসেন জানান, ওই সড়ক দিয়ে যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না৷ সিরাজগঞ্জের তাড়াশ ও নাটোরের সিংড়ার হাজার হাজার কৃষক ও ব্যবসায়ী তাঁদের পণ্য পরিবহন করতে পারছেন না। কার্যাদেশ দেওয়ার আগে ঠিকাদারি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত কি না, বিষয়টি কর্তৃপক্ষের যাচাই করা উচিত ছিল৷
এমএম পিয়াস কনস্ট্রাকশন ঠিাকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, ২০০৮ সালে এডিবির অর্থায়নে পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানির ১৯ লাখ টাকা বরাদ্দের একটি কাজ করা হয়। সেখানে ১০ লাখ টাকার কাজ সম্পন্ন করা হলেও নয় লাখ টাকার কাজ বাকি ছিল৷ সেই দৃষ্টিকোণ থেকে কর্তৃপক্ষ ১০ শতাংশ হারে ৯০ হাজার টাকা জরিমানা করতে পারে। কালো তালিকাভুক্ত করা উচিত হয়িন। এডিবির কর্মকর্তারা বিস্তারিত জানার পর কালো তালিকাভুক্ত করা অন্যায় হয়েছে বলে জানিয়েছেন। বর্তমানে বিষয়টি প্রায় সুরাহা হওয়ার পথে।
তাড়াশ উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, দরপত্রটি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ই-টেন্ডারের মাধ্যমে আহ্বান করা হয়। বিষয়টি তাদের ব্যাপার। যতদূর জানা গেছে, এই প্রতিষ্ঠান অন্য জেলায় এডিবির আওতাধীন একটি দরপত্রে অংশ নিলে সেখানে যাচাইকালে কালো তালিকাভুক্তির বিষয়টি ধরা পড়ে। বিষয়টি জানাজানির পর কাজটি বন্ধ করে দেওয়া হয়।