তাড়াশে ডুবে দুই শিশুসন্তানসহ বাবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলনবিল অঞ্চলের প্রত্যন্ত মাগুরা বিনোদ ইউনিয়নের নাদৌ-সৈয়দপুর খুকনীপাড়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার বাবা ও দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ও স্বজনেরা বলছেন, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে স্থানীয় করিমগাড়ী কওমী মাদ্রাসার মৌলভি শিক্ষক আলতাফ হোসেন (৪০) তাঁর দুই সন্তান নাফিউল ইসলাম (৬) ও আনিকা খাতুনকে (৮) সঙ্গে নিয়ে চলনবিলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যার পর তাঁদের কেউই বাড়ি না ফেরায় পরিবারের লোকজনসহ গ্রামবাসী বিলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। মঙ্গলবার সকালে গ্রামবাসী চলনবিলের পাটগাড়ী এলাকায় ওই তিনজনের লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে তাড়াশ থানার ওসি টি এম আমিনুল হক বলেন, বিলের অনেক স্থানে বড় গর্ত রয়েছে। কেউ একজন ওই গর্তে পড়ে যাওয়ার পর তাকে বাঁচাতে গিয়ে তিনজনই ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে কোনো স্থানেই আঘাতের চিহ্ন দেখা যায়নি। শিক্ষক আলতাফ হোসেন শারীরিকভাবে স্থূলকায় ছিলেন। তিনি নিজের ভারসাম্য রক্ষা করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে তাড়াশ ইউএনও মো. জিল্লুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, গ্রামবাসী ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মাছ ধরতে গিয়েই তাদের মৃত্যু হয়েছে। চলনবিলের কোথাও কম পানি, কোথাও গভীর পানি। কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।