তাড়াশে বাঁশের বেড়া উচ্ছেদ শুরু, দুজনের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাবাড়ি খালে বাঁশের বেড়া উচ্ছেদে গত মঙ্গলবার থেকে উপজেলা প্রশাসন অভিযান শুরু করেছে। প্রথম দিন পাঁচটি স্থান থেকে বাঁশ ও সুতিজাল উচ্ছেদ করা হয়। তবে গতকাল বুধবার অভিযান চালানো হয়নি।
অভিযান চলাকালে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ডের (জেল) আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কুন্দুইল গ্রামের শাহীন আলী ও আসাদ উদ্দীন।
গত সোমবার প্রথম আলোতে ‘৩০ স্থানে বাঁধ দিয়ে মাছ শিকার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও পুলিশের সহায়তায় প্রথম দিনের উচ্ছেদ অভিযান শুরু করা হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অভিযান চলে। এ সময়ের মধ্যে উপজেলার কাটাবাড়ি খালের কুন্দুইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ভাটির দিকে এক কিলোমিটার পর্যন্ত পাঁচটি স্থানের বাঁশ ও সুতিজাল উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদন প্রকাশের পর ইউএনওর নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ কারণে প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আগে থেকেই আমাদের অভিযান চালানো হচ্ছিল। প্রতিবেদনটি প্রকাশের পর তা আরও জোরদার করা হয়েছে।’
ইউএনও জিল্লুর রহমান বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। আটক দুজনকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
তাড়াশ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত দুজনকে গতকাল বুধবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চলনবিল এলাকার তাড়াশ উপজেলার কুন্দুইল থেকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের দিকে কাটাবাড়ি খালের অন্তত ৩০টি স্থানে বাঁশ পুঁতে সুতিজাল বেঁধে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে। এ কারণে পানি নামতে দেরি হওয়ায় আসন্ন রবিশস্য আবাদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।