তাড়াশে সংখ্যালঘু একটি পরিবার সমাজচ্যুত
রাস্তার জন্য জায়গা না দেওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সংখ্যালঘু একটি পরিবারকে সমাজচ্যুত করে রাখার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুলিশ্বর গ্রামের বিরেশ চন্দ্র ভৌমিকের বাড়ির ওপর দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খবির উদ্দিন এলজিএসপি-২ প্রকল্পের আওতায় একটি রাস্তা নির্মাণের প্রকল্প নেন। রাস্তাটি নির্মাণ করতে গেলে বিরেশ চন্দ্র ভৌমিক বাধা দেন। এতে ইউপি সদস্য ক্ষিপ্ত হন। এ নিয়ে বৃহস্পতিবার ওই বাড়িতে সালিস বৈঠক বসানো হয়। বৈঠকে খবির উদ্দিনসহ সমাজপতি লাল চাঁদ, অনিল চন্দ্র প্রামাণিক, রতন সরকার, নব কুমার, যোগেন, রঞ্জিত প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় রাস্তা নির্মাণের জন্য জায়গা না দেওয়ায় বিরেশ চন্দ্র ভৌমিকের পরিবারকে বৃহস্পতিবার থেকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে পরিবারটিকে একঘরে করে রাখা হয়েছে। তাদের সঙ্গে গ্রামের কাউকে কথা বলতে ও মিশতে দেওয়া হচ্ছে না।
খবির উদ্দিন, নব কুমার ও লাল চাঁদ জানান, সারা গ্রামের লোকজন একপক্ষে রয়েছে। অথচ বিরেশ বিরোধিতা করছেন। রাস্তার জন্য জায়গা না দেওয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের কারও সঙ্গে মিশতে নিষেধ করা হয়েছে।