তাড়াহুড়া নয়, আলোচনা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দিতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা নিয়ে বিতর্ক চলছে। এই বিতর্কের মধ্যেই সংবিধান সংশোধন আইনের খসড়া আজ সোমবার মন্ত্রিসভায় উঠছে।
সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা বলছেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ একটি কাজ এভাবে তাড়াহুড়া করে করা ঠিক হচ্ছে না। এটি যেহেতু বিচার বিভাগ-সম্পর্কিত বিষয়, তাই এ নিয়ে পর্যাপ্ত আলোচনা হওয়া উচিত। আবার কেউ কেউ এ ক্ষেত্রে আইনের অপপ্রয়োগের আশঙ্কাও করছেন।
সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সারা দেশের মানুষ চিন্তার মধ্যে আছেন। এ নিয়ে অনেক প্রশ্ন আছে সমাজে। বিচার বিভাগের পৃথক্করণও এখনো কার্যকর হয়নি। এ অবস্থায় বিচার বিভাগের বিষয়ে হাত দেওয়ার আগে সারা দেশে ব্যাপক আলোচনা হওয়া উচিত। বিভিন্ন মহলের মতামত নেওয়া উচিত। এ ধরনের বিষয় হুট করে সংসদে উত্থাপন করা অনুচিত। বিচারপতিদের অভিশংসনের বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার যুক্তি নেই।
সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল মনে করেন, বর্তমানে এমনিতেই বিচার বিভাগ দুর্বল অবস্থায় আছে। এ অবস্থায় বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগ আরও দুর্বল হবে।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের আলোকে এই সংশোধনী আনা হচ্ছে। ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ছিল। পরে সামরিক শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা বিচার বিভাগের কাছে ন্যস্ত হয়। এতে বলা হয়, বিচারপতিদের অভিশংসনে রাষ্ট্রপতির নির্দেশে প্রধান বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে পারবেন।
আইন মন্ত্রণালয়ের সূত্রমতে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধানকে সঠিক বলে মনে করছে না সরকার। মন্ত্রণালয়ের মতে, অভিযুক্ত বিচারক ও কাউন্সিলের সদস্যরা একই প্রতিষ্ঠানে কর্মরত থাকায় কোনো বিচারকের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে কাউন্সিলের দেওয়া সুপারিশের নিরপেক্ষতা ও যথার্থতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘আমি এখনো জানি না কীভাবে সংশোধনী হচ্ছে। তবে অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে থাকলেও বিচারপতিদের অদক্ষতা, অযোগ্যতা বা অসদাচরণের অভিযোগ তদন্তের কাজটি করতে হবে বিচারপতিদের দিয়েই। এ কাজটি সংসদের হাতে দেওয়া উচিত হবে না। কারণ, বিচারপতিদের অদক্ষতার বা অযোগ্যতার বিষয়টি বিচারপতিরাই ভালো জানবেন। এভাবে করলে সংসদেরও ক্ষমতা থাকল, আবার বিচারপতিদেরও অভিযোগ থাকার কথা নয়।’
নতুন এই সংশোধনীর পক্ষে আইন মন্ত্রণালয়ের যুক্তি হলো, বিভিন্ন গণতান্ত্রিক দেশে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রয়েছে। বাংলাদেশেও একসময় ছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময়ই এটি করার বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তখন সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে করা হয়নি।
কিন্তু সাংসদেরা দীর্ঘদিন থেকেই উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি করে আসছেন। বিগত মহাজোট সরকারের সময়ে এ দাবি জোরালো হয়। বিশেষ করে ২০১২ সালে তৎকালীন স্পিকার ও বর্তমানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের একটি রুলিংকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে হাইকোর্টের একজন বিচারপতিকে অপসারণের দাবি ওঠে সংসদে।
কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দেন। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, কিছুদিন আগে মন্ত্রিসভার এক বৈঠকে অনির্ধারিত আলোচনায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন করার ক্ষমতা জাতীয় সংসদে ফিরিয়ে দিতে বাহাত্তর সালের সংবিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আইন কমিশনও এ ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় সুপারিশ করেছে।
এ পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদকে ভিত্তি ধরে সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪-এর খসড়া চূড়ান্ত করা হয়। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকাসহ কোন কোন দেশের সংসদের হাতে অভিশংসনের ক্ষমতা আছে, তা বিবেচনায় নেওয়া হয়।
আইনমন্ত্রী আনিসুল হক গতকাল রোববার প্রথম আলোকে জানান, আজ সোমবার মন্ত্রিসভায় আইনের খসড়া উঠছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা জানান, ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশনেই এই ১৬তম সংশোধনী পাস করা হতে পারে।
জানতে চাইলে শাহদীন মালিক বলেন, বর্তমান পরিস্থিতিতে তাড়াহুড়া করে এটা করা ঠিক হচ্ছে না। তিনি আরও বলেন, ‘যাঁদের জন্য এই সংশোধনী, সেই বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে এ নিয়ে কোনো রকম আলাপ-আলোচনা হচ্ছে না, এতে আমি হতবাক। ৪০ বছর আগের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট তো এক নয়। এটা করতে হলে সংবিধান সংশোধনী কমিটি করে আলাপ-আলোচনা হওয়া উচিত। এ ছাড়া একটা বড় বিষয় হলো, বাহাত্তর সালের সংবিধানে অধস্তন আদালত নিয়ন্ত্রণের সম্পূর্ণ ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের হাতে। তাই উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনে বাহাত্তরের অনুচ্ছেদ ফিরিয়ে আনতে হলে অধস্তন আদালতের নিয়ন্ত্রণের ক্ষমতাও সুপ্রিম কোর্টের হাতে দিতে হবে। এটা না করে শুধু অভিশংসনের বিষয়টি ফিরিয়ে আনা হলে সেটা হবে দ্বৈতনীতি।’
বিশিষ্ট এই আইনজীবী মনে করেন, বর্তমান সংসদে দুই-তৃতীংয়াশেরও বেশি আসন ক্ষমতাসীন দলের। তাই এটি অপপ্রয়োগের আশঙ্কা আছে।