তাণ্ডব-অবরোধ, নগরে মানুষের অন্তহীন দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের আকস্মিক তাণ্ডবের কারণে গতকাল সোমবার সকালে অফিসগামী মানুষদের ভয়ানক দুর্ভোগ পোহাতে হয়েছে। সকালের ব্যস্ততম সময়ে মতিঝিল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দুপুরজুড়ে শাহবাগ এলাকায় ডেন্টাল টেকনোলজির ছাত্র ও প্রেসক্লাব এলাকায় ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভে পুরো এলাকা অচল ছিল। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা শুরু হলে সেদিক দিয়েও যান চলাচল বন্ধ হয়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে যান চলাচল ব্যাহত হয়। এসবের কারণে বেলা তিনটা পর্যন্ত একরকম স্থবির হয়ে ছিল ঢাকার মধ্যভাগ। রাজধানীর বিভিন্ন এলাকাঘুরে এ চিত্র পাওয়া গেছে।সকাল ১০টার দিকে মতিঝিলের অফিসপাড়ার অনেকেই তখনো অফিসে পৌঁছেননি। স্বাভাবিক হয়ে ওঠা যানজট ঠেলে থেমে থেকে এগোচ্ছিল যানবাহনগুলো। এর মাঝেই হঠাৎ জামায়াত শিবিরের কর্মীরা গাড়ি ভাঙচুর শুরু করেন। রাস্তায় গাড়ি ফেলে যে যেদিকে পারেন, নিরাপদ আশ্রয়ে চলে যান। এরই মাঝে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। এর ফলে প্রায় এক ঘণ্টা মতিঝিলমুখী সড়কগুলো বন্ধ হয়ে ছিল।মতিঝিলে যান চলাচল শুরু হতে না-হতেই প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সচিবালয়ের কার্যালয়ে থাকায় চারদিকে ছিল কড়াকড়ি। সব মিলিয়ে দুপুর পর্যন্ত এই এলাকায় যান চলাচল ছিল একেবারেই সীমিত।প্রেসক্লাব এলাকায় যানবাহন কম থাকার আরেকটি কারণ শাহবাগে বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) ছাত্র পরিষদের অবরোধ। কোর্সের নাম পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে গতকাল সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত শাহবাগ মোড় আটকে বসে ছিল তাঁরা। রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান প্রায় আড়াই শ শিক্ষার্থী।এদিকে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে সকাল ১০টায় জাদুঘরের সামনে মানববন্ধন করে সাধারণ ছাত্র পরিষদ। বেলা ১১টায় মানববন্ধন শেষে তারাও শাহবাগে অবরোধ করে। বেলা দুইটায় তারা অবরোধ প্রত্যাহার করে।একই সঙ্গে এত সব বিক্ষোভ আর সংঘর্ষের কারণে ভেঙে পড়ে নগরীর ট্রাফিক ব্যবস্থা। রাস্তাগুলোতে যানবাহনের সারি স্থবির হয়ে ছিল দীর্ঘ সময়। নগরীর ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, পুরান ঢাকা, ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর সড়ক, পল্টন, মতিঝিল ও ফকিরাপুল এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের সারি দীর্ঘ হয় কমলাপুর, খিলগাঁও, সায়েদাবাদ পর্যন্ত।এদিকে শাহবাগ বন্ধ থাকার ফলে অনেক গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুপুরে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের পর উত্তেজনা সৃষ্টি হলে সেই রাস্তাও বন্ধ হয়ে যায়।