তাণ্ডব চালান জামায়াত ও বিএনপির কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ৩ মার্চ হরতালের দিন জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা সহিংস ঘটনা ঘটিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছেন। দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল শুক্রবার আয়োজিত গণশুনানিতে প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য হিসেবে এ কথা বলেন।বগুড়া জেলার অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) গোলাম কবির গতকাল বেলা পৌনে ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত গণশুনানি গ্রহণ করেন। ঘটনা তদন্তে গঠিত কমিটির তিন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ। এ ছাড়া ছিলেন জেলার সিভিল সার্জনের প্রতিনিধি এ কে এম কামরুল আহসান। গণশুনানিতে তদন্ত কমিটির কাছে প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দেন, জামায়াত-শিবিরের কর্মীরা হরতালের আগের দিন রাতে চাঁদে সাঈদীর ছবি দেখা যাচ্ছে, এমন একটি খবর মুঠোফোনে ছড়িয়ে দেন। গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষকে পরের দিনের হরতালে আনেন। হরতালে মিছিলকারীরা ভাঙচুর করে দুপচাঁচিয়া আওয়ামী লীগ কার্যালয়, আওয়ামী লীগের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি এবং সিপিবির সম্পাদকের বাড়ি। পরে মিছিলকারীরা তালোড়ার পৌর আওয়ামী লীগ কার্যালয়, কয়েকজন আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান এবং হিন্দু ব্যবসায়ীর দোকান ভাঙচুর করে। এ সময় তারা লুটপাট ও অগ্নিসংযোগও করে। প্রত্যক্ষদর্শীদের মতে, এতে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ তদন্তের গণশুনানি প্রসঙ্গে বলেন, তদন্তের অংশ হিসেবে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। গণশুনানিতে মামলার বাদীসহ ২৫ জন অংশ নিয়েছেন। গণশুনানিতে অংশ গ্রহণকারী সৈয়দ হুমায়ন কবির বলেন, হরতালের আগের দিন পরিকল্পনা করে সহিংস ঘটনা ঘটিয়েছেন তালোড়ায় জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা। জামায়াতের নেতারা বিভিন্ন এলাকার মাদ্রাসার শিক্ষিক ও ছাত্রদের বুঝিয়ে মিছিলে নিয়ে আসেন। এ হামলায় তালোড়া এলাকার বাঁশোপাতা, নিশিন্দারা, লাফাপাড়া, তালোড়া বাজার, রসুলপুর, মেঘা এবং কাহালুর চানপুর, পিঁপড়া, দেওগ্রাম, দুর্গাপুরসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার লোক অংশ নেয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান ও তালোড়া পৌরসভার অতিরিক্ত প্রশাসক আমিরুল ইসলাম উপস্থিত থেকে বলেন, এর আগে এই উপজেলায় কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। তদন্ত শেষে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।