তাণ্ডব চালিয়ে জমি দখলে নিলেন চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান খান শামীমুর রহমান ওরফে অছি খাঁ একটি পরিবারকে উচ্ছেদ করে তাদের ভোগদখলে থাকা চার একর ৬০ শতাংশ জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ও তাঁর লোকজন ওই পরিবারের এক বৃদ্ধাসহ দুজনকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন এবং গুলিবর্ষণ করেছেন। গত রোববার উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের খান নবিউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার হওয়া ওই দুজন হলেন নবিউল ইসলামের মা হালিমা বেগম (৬৫) ও তাঁর স্ত্রী জ্যোৎস্না খাতুন (২০)। হালিমা বেগমকে যশোর সদর হাসপতালে ভর্তি করা হয়। ঘটনার পর আতঙ্কে পরিবারটি এখন পাশে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় নবিউল বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় গতকাল সোমবার এজাহার দিয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়দিয়া মৌজার ৪৯৪ নম্বর খতিয়ানের ৬৬৮ নম্বর দাগে ৪ একর ৬০ শতাংশ জমি অর্পিত সম্পত্তির ‘ক’ তফসিলভুক্ত। দীর্ঘদিন ধরে মঙ্গলপুর গ্রামের খান নবিউল ইসলাম ও খান রবিউল ইসলাম ওই জমি ভোগদখল করছেন। সম্প্রতি উপজেলা চেয়ারম্যানের বড় ভাই আবদুল মতিন ওই জমি ইজারা নেওয়ার জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার কোটাকোল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিশ্বজিৎ দাস ওই এলাকায় তদন্তে যান। এ সময় সেখানে উপজেলা চেয়ারম্যান শামীমুর রহমান, তাঁর ভাই আবদুল মতিন ও তাঁদের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। বিশ্বজিৎ চলে আসার পর তাঁরা হালিমা ও জোৎস্নাকে মারধর করে ঘর থেকে বের করে দেন।
নবিউল ইসলামের স্ত্রী জ্যোৎস্না খাতুন অভিযোগ করেন, ‘অছি খাঁসহ লোকজন আসার খবর পেয়ে ভয়ে ঘরের দরজা লাগিয়ে দিই। ঘর ভেঙে ফেলার হুমকি দিলে দরজা খুলি। ওই সময় অছি খাঁর পক্ষের শতাধিক লোক উপস্থিত ছিল। এরপর একজন আমাকে চড় মারে। তখন অছি খাঁ বলেন, “তোদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি, যাস নাই কেন।” অছি খাঁ আমার শাশুড়ি হালিমার গলা টিপে ধরে। চুল ধরে ফেলে দেন। জুতা দিয়ে পেটান এবং লাথি মারেন। একপর্যায়ে খালি জায়গায় দুটি গুলি করে।’
নবিউল ইসলাম জানান, ১৯৯৪ সালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই অর্পিত সম্পত্তি তাঁদের নামে অবমুক্ত হয়েছে। ওই সময়ই তাঁরা ওই জমিতে ঘের ও বসতবাড়ি করেছেন। পরবর্তী সময়ে ওই জমি আবার অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত হয়। তিনি আরও বলেন, ‘ওই দিন তারা আমাদের লাগানো ধান কেটে নিয়েছে। দখলের আনন্দে রাতে ওই বসতবাড়িতে বনভোজন করা হয়।’
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) তহমিনা খাতুন জানান, ওই জমিটি অর্পিত সম্পত্তির ‘ক’ তফসিলভুক্ত। নবিউল ইসলাম এ জমি তাঁদের নামে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত করেছেন বলে কাগজপত্র দিয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে।
হালিমা ও জ্যোৎস্না খাতুনকে মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন খান শামীমুর রহমান। তিনি দাবি করেন, ‘আমার ভাইয়ের একটি জমির তদন্তের সময় আমার বংশের লোকজন সেখানে গিয়েছিল। কিন্তু আমি সেখানে ছিলাম না। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের মুখরোচক কথা বলা হচ্ছে।’
আবদুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘যা শুনেছেন, শুনেছেন। আপনাদের কিছু বলব না।’ লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, এ ঘটনায় নবিউল ইসলাম এজাহার দিয়েছেন। অভিযোগ তদন্ত করে দেখা হবে।