তাণ্ডব চালিয়ে বাচ্চা ফিরে পেল মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি এলাকায় গাছ টানার কাজ করে এক মা হাতি। সম্প্রতি সে একটি বাচ্চা জন্ম দেয়। হাতির মালিক হাতি ও বাচ্চাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। বাড়ি আনার পথে বাচ্চাটি হারিয়ে যায়। ক্ষিপ্ত হয়ে তাণ্ডব চালায় হাতিটি৷ এতে মাহুত আহত হন এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পরে বাচ্চাকে ফিরে পেয়ে শান্ত হয় হাতিটি৷
গত সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁন্দগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হাতি দুটির মালিক সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাউরভাগ গ্রামের মোস্তফা উদ্দিন।
মা হাতিটি চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভাড়ায় গাছ টানার কাজে ব্যবহৃত হয়। ১২ দিন আগে এটি একটি বাচ্চা জন্ম দেয়। কয়েক দিন বিশ্রাম দেওয়ার জন্য মালিক মা ও বাচ্চাকে ট্রাকে করে নিজ বাড়িতে নিয়ে আসার উদ্যোগ নেন৷
গত সোমবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম থেকে বড়লেখা উপজেলার বারইগ্রাম বাজারে এনে এদের নামানো হয়।
এ সময় বাচ্চাটি সেতু পার হয়ে পাশের চাঁন্দগ্রাম বাজারে চলে গেলে মা হাতিটি তাকে এদিক-ওদিক খঁুজতে থাকে। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।
একপর্যায়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে মা হাতিটি মাহুত আতর আলীকে শুঁড় দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ ছাড়া হাতিটি চাঁন্দগ্রাম বাজারে একটি রেস্তোরাঁ, দুটি মুদি দোকান, একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।
এ সময় লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বাজারের মসজিদে মাইকিং করা হয়। পরে মা হাতিটি নিজজঙ্গল গ্রামের একটি টিলায় আশ্রয় নেয়।
খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে বড়লেখা থানার একদল পুলিশ ও বন বিভাগের লোকজন বাচ্চাটিকে একটি ট্রাকে করে টিলার কাছে নিয়ে যায়। বাচ্চাটিকে কাছে পেয়ে হাতিটি শান্ত হয়।
বন বিভাগের জুড়ী-২ (বড়লেখা) রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বলরাম রায় জানান, বাচ্চাকে দেখতে না পেয়ে মা হাতিটি তাণ্ডব চালিয়েছিল।