তাণ্ডবই বলে ক্ষমতায় গেলে কী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের কী হবে, রাজশাহীতে গত কয়েক দিনে বিএনপি-জামায়াত-শিবিরের তাণ্ডবই বলে দিচ্ছে। গতকাল রোববার রাজশাহীতে ১৪ দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, ওয়ার্কার্স পার্টির মহানগরের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের সহসভাতি রাফিক উদ্দিন, যুগ্ম সম্পাদক শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এ এইচ এম খায়রুজ্জামান। এতে বলা হয়, নতুন মেয়রের দেওয়া তালিকা অনুযায়ী নিয়ম ভেঙে গ্যাস-সংযোগ না দেওয়ায় পিজিসিএল কার্যালয়ে ছাত্রদলের হামলা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আগুন, নগরের মির্জাপুরে ছাত্রলীগের কর্মীদের ওপর শিবিরের হামলা, যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, জাতীয় পার্টির কর্মী তরিকুলের বাস ভাঙচুর, নগরের ধরমপুরে আওয়ামী লীগের কর্মী নবাবের ওপরে হামলা এবং গত শনিবার সন্ধ্যায় ৩০টি তাজা ককটেল ও চার কেজি গান পাউডার উদ্ধারের ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও জামায়াত-বিএনপির সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। গতকাল রোববার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের ঘটনাগুলোকে মেয়র মোসাদ্দেক হোসেন অরাজনৈতিক বলে দাবি করেছেন।
এর জবাবে খায়রুজ্জামান বলেন, পিজিসিএল কার্যালয়ে হামলার পরে আটক ছাত্রদল নেতার নামে মামলা না দেওয়ার জন্য দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রদল ও বিএনপির নেতারা থানায় বসে তদ্বির করেছেন। এতেই প্রমাণিত হয় ঘটনাগুলো রাজনৈতিক কি না।
ফজলে হোসেন বলেন, পাঁচটি সিটি করপোরেশনের ক্ষমতা পেয়েই তারা যে তাণ্ডব শুরু করেছে, তা জাতির জন্য সংকেত। আগামী দিনে তারা ক্ষমতায় এলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু থাকবে না। দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।