তাণ্ডবের আগুনে পুড়ে গেল চার ক্ষুদ্র ব্যবসায়ীর সর্বস্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই দোকানডার ওপরই রুটি-রুজি। তাও পুইড়া গেল। এইডার লগে আমিও শেষ অইয়া গেছি। ক্ষতিপূরণ না পাইলে পোলাপাইন লইয়া না খাইয়া মরতে অইব।’
গতকাল শনিবার মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজারসংলগ্ন সড়কের রুটির দোকানি মাইনুদ্দিন এভাবেই হাহাকার করছিলেন। গত শুক্রবার দুপুরে জামায়াত-শিবিরের কর্মীদের দেওয়া আগুনে শুধু মাইনুদ্দিনই নন, তাঁর মতো আরও তিনজন ক্ষুদ্র ব্যবসায়ীর সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাঁদের সবার ব্যবসা ছিল রিকশাভ্যানের ওপর। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও তিনজন ফল বিক্রেতা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির প্রতিক্রিয়ায় রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল এলাকা ও আশপাশে ব্যাপক তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা। মুহুর্মুহু ককটেল ফাটিয়ে তাঁরা পুড়িয়ে দেন ব্যক্তিগত গাড়িসহ ১৭টি যানবাহন, রিকশা, রিকশাভ্যান, ক্ষুদ্র ব্যবসায়ীদের পসরা ও সিটি করপোরেশনের একটি আঞ্চলিক কার্যালয়।
জামায়াত-শিবিরের কর্মীরা মাইনুদ্দিন, নেপাল চন্দ্র দাস, রফিক ও মিলনের রিকশাভ্যানে বসানো রুটি ও শীতের কাপড়ের দোকানে পেট্রল ঢেলে আগুন দেন।
ক্ষতিগ্রস্ত মাইনুদ্দিন বলেন, শনিবার বাড়ি যাওয়ার আগে ঋণ করে তৈরি চা-রুটির দোকানটি ত্রিপল দিয়ে শক্ত করে বেঁধে গিয়েছিলেন। দীর্ঘশ্বাস ফেলে মাইনুদ্দিন বললেন, দেশের বাড়ি ফেনীতে থাকার ঘর ছাড়া আর কিছুই নেই তাঁর। স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতে রেখে চা-রুটি বিক্রি করে সংসার চালাতেন। ভ্যানে তাঁর ১৫ হাজার টাকার মতো মালামাল ছিল বলে জানালেন মাইনুদ্দিন।
ফল বিক্রেতা ফয়সাল শেখ জানালেন, তাঁর দোকানের পাশেই রিকশাভ্যানে শীতের কাপড় বিক্রি করতেন নেপাল চন্দ্র দাস। কয়েক দিন আগে তিনিও মালপত্র ত্রিপল দিয়ে পেঁচিয়ে কুমিল্লার লাকসামের বাড়িতে গেছেন। নেপালের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। ফয়সাল বললেন, নেপাল তাঁকে ফোন করে বলেছেন তাঁর দোকানে ৫০ হাজার টাকার বেশি দামের মাল ছিল। নেপাল বিলাপ করে বলেছেন, ‘রোজগারের একমাত্র অবলম্বন পুড়ে গেল।’
ফল বিক্রেতা ফয়সাল বলেন, তাণ্ডবের সময় তিনি, পাশের নাসিরউদ্দিন ও আবুল কালাম দোকান খোলা রেখেই পালিয়ে যান। ফয়সাল পরে ফিরে দেখেন তাঁর দোকানের পাঁচ হাজার টাকার ফল নেই। নাসিরউদ্দিন বলেন, তাঁর ১২ হাজার টাকার ফল লুট হয়েছে। আবুল কালাম বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার পর ফিরে এসে তিনি দেখেন ২৫ কেজি বড়ই রাস্তায় পড়ে আছে। সবগুলো নষ্ট হয়ে গেছে।
স্থানীয় দোকানি মনির হোসেন বলেন, গতকাল পুলিশ এসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করেছে।
মতিঝিল থানাসূত্র জানায়, এজিবি কলোনি, কমলাপুর ও আরামবাগ এলাকা থেকে আটক ১৩ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মহাম্মদ আশরাফ-উজ-জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ১৩ জন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।