তাণ্ডবের শিকার মুক্তি ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুড়ে যাওয়া বইপত্র, কাগজ, কাঠের আসবাবের ভগ্নাংশ আর দুমড়ে যাওয়া ফুল ও পাতাবাহারগাছ—সব একাকার হয়ে আছে। গতকাল মঙ্গলবার দুপুরের ভারী বৃষ্টিও পোড়া গন্ধ পুরো মিইয়ে দিতে পারেনি। ছাইয়ের সঙ্গে মিশে বাইরে জমে থাকা বৃষ্টির পানি নিয়েছে কালচে চেহারা।এটি রাজধানীর পুরানা পল্টনের মণি সিংহ রোডে ‘মুক্তি ভবন’-এর এখনকার চিত্র। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মালিকানাধীন এই ভবন গত রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ-পরবর্তী সমাবেশ চলার সময় আক্রান্ত হয়। এর পাঁচ ও ছয়তলায় সিপিবির কার্যালয়। সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ মুক্তি ভবনেই থাকেন। তিনি প্রথম আলোকে বলেন, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে একটি বোমা বিস্ফোরিত হয় ভবনের ভূগর্ভস্থ তলার (বেজমেন্ট) শাটার লক্ষ্য করে। এরপর দেওয়া হয় আগুন। বেজমেন্টে থাকা দুটো মাইক্রোবাস ও তিনটি ব্যক্তিগত গাড়ি গতকালও সেই আগুনের চিহ্ন নিয়ে সেখানে ছিল। ভবনটির নিচতলার ১৪টি দোকানের সব কটিই পুড়ে গেছে। পাঁচতলা পর্যন্ত সিঁড়ি পুড়ে গেছে। নষ্ট হয়ে গেছে লিফট। বিশাল জেনারেটর আগুনে পুড়েছে।সিপিবির কার্যালয় আক্রান্ত না হলেও ভূগর্ভস্থ একটি ঘরে রাখা হতো দলটির গুরুত্বপূর্ণ নানা দলিল। সবই পুড়ে গেছে।সিপিবির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব বলেন, বিস্ফোরক ব্যবহার ছাড়া এভাবে পোড়ানো সম্ভব নয় বলে তাঁর ধারণা। তিনি বলেন, সেদিন সকাল থেকেই কয়েকবার ভবনটি লক্ষ্য করে ঢিল ছোড়েন সমাবেশমুখী হেফাজতকর্মীরা। তাঁরা ‘নাস্তিক’ ও ‘কমিউনিস্টদের’ বিনাশ করার স্লোগানও দিচ্ছিলেন। মুক্তি ভবনের চারতলা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। দোতলার উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ‘বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া শুরু হলে জানালা দিয়ে নিচে নেমে পড়ি আমরা ১৮ জন কর্মী।’ভবনের নিচতলায় গ্রামীণ কার্পেটের দোকানের একটি কার্পেটও অক্ষত নেই। আট বছরের পুরোনো এই ভবনের নিচতলায় শুরু থেকেই দোকান নিয়ে আছেন ‘স্মৃতি পাথর ঘর’-এর মালিক সিরাজ উল্লাহ। এ ধরনের ঘটনা প্রথম ঘটল বলে জানান তিনি। সিরাজ উল্লাহর দাবি, তাঁর অন্তত ১৩ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে সেদিনের হামলায়। গত সোমবার পল্টন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছে সিপিবি। তবে ক্ষতিগ্রস্ত দোকানি বা প্রতিষ্ঠানগুলোর কেউ কোনো মামলা করেননি। এ প্রসঙ্গে নিচতলার পারফেকশন গ্রাফিকসের মালিক মো. জাহাঙ্গীর বললেন, ‘মামলা করে কী হবে? এসবের কি কোনো বিচার হবে?’ সিপিবির পক্ষ থেকে গতকাল মুক্তি ভবন প্রাঙ্গণেই এক সংবাদ সম্মেলন করা হয়। প্রাথমিক হিসাবে সাড়ে তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন দলটির নেতারা। হামলার জন্য তাঁরা হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন। সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রোববার ঢাকাবাসী যে তাণ্ডব দেখেছে, তার জন্য প্রধানত দায়ী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। ওই কর্মসূচিতে সমর্থন দিয়ে বিএনপিও এর দায় এড়াতে পারে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ‘ব্যর্থতার’ জন্য সরকার ও প্রশাসনকেও দায়ী করেন সিপিবির সভাপতি।