তাদের অন্য রকম তৎপরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছিল আর পিকেটিংয়ে ব্যস্ত না থাকলেও ঢাকার সাভারের বিএনপি নেতাদের মধ্যে টেলিভিশনের খবরে প্রচার পাওয়ার প্রতিযোগিতা ছিল যথেষ্ট। গোপনে ক্ষণিকের জন্য মিছিল করে তার ভিডিওচিত্র সরবরাহ করা হয়েছে সাংবাদিকদের কাছে। জানা যায়, সাভারের সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তাঁর সমর্থক অর্ধশত নেতা-কর্মী নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে জিরাবো এলাকায় কয়েক মিনিটের জন্য হরতালের পক্ষে মিছিল করেন। আর আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সকাল ১০টার দিকে পনেরো জনের মতো সমর্থক নিয়ে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে কয়েক মিনিটের জন্য হরতালের পক্ষে মিছিল করেন। এ ছাড়া সাভারে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আর কোনো তৎপরতা চোখে পড়েনি। উল্লেখ্য, দেওয়ান সালাউদ্দিনের বাড়ি জিরাবো এলাকায়। আর মিজানুর রহমানের বাড়ি গণস্বাস্থ্য হাসপাতাল এলাকায়।অভিযোগ উঠেছে, নিজেদের শক্ত অবস্থানের চিত্র ফুটিয়ে তুলতে মিজানুর রহমান ও দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন গোপনে মিছিল করে তাঁর ভিডিওচিত্র ধারণ করেন। এর পর তার সিডি তৈরি করে পৌঁছে দেন বিভিন্ন টেলিভিশনের স্থানীয় সাংবাদিকদের কাছে। তবে এ বিষয়ে দেওয়ান সালাউদ্দিন জানান, পুলিশের ভয়ে তিনি জিরাবো এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন। সেখানে টেলিভিশনের কয়েকজন সাংবাদিক উপস্থিত থেকে চিত্র ধারণ করেন। নিজ উদ্যোগে ভিডিওচিত্র ধারণ করে সাংবাদিকদের কাছে সরবরাহ করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এটা মেজর মিজানুর রহমানের কাজ। কারণ, নেতা-কর্মীরা তাঁর সঙ্গে নেই।’ অন্যদিকে মিজানুর রহমান বলেছেন, ‘সাংবাদিকদের জানিয়ে মিছিল করলে পুলিশ জেনে যায়। এ কারণে একজন সাংবাদিক নিয়ে গোপনে মিছিল করেছি।’ তবে মিছিলের ভিডিওচিত্র অন্য সাংবাদিকদের সরবরাহ করার কথা তিনি অস্বীকার করেন।যোগাযোগ করা হলে টেলিভিশনের স্থানীয় কয়েকজন সাংবাদিক বলেন, দেওয়ান সালাউদ্দিন ও মিজানুর রহমান পৃথকভাবে মিছিলের ভিডিওচিত্র ধারণ করে সিডি বানিয়ে তাঁদের কাছে সরবরাহ করেছেন। মেইলেও অনেকের কাছে ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম তাঁদের এলাকায় হরতালের সমর্থনে কোনো মিছিল ও পিকেটিং হয়নি বলে দাবি করেন।