তাদের ইচ্ছেপূরণের গল্প
ইসহাক মিয়া ও ইমন উদ্দিন। বয়স বড়জোর ১০। দুজনই ভালো বন্ধু। বেড়ে ওঠা নগরের বাগমনিরাম এলাকার বস্তিতে। টেনেটুনে সংসার চলে ইসহাক ও ইমনদের। দুবেলা আহার জোটাতেই কঠিন সংগ্রাম করতে হয় মা-বাবার। সেখানে আবার ঈদের পোশাক? তাই কোনো ঈদেই নতুন জামা-জুতো পরা হয় না ইসহাক ও ইমনের। ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যায় প্রতি ঈদে। কিন্তু এবারের ঈদ একটু ব্যতিক্রমী তাদের জন্য। ঈদ উপলক্ষে নতুন জামা-জুতো পরার পাশাপাশি ঈদের পরদিন নগরের একটি রেস্তোরাঁয় খাওয়ার সুযোগও পেয়েছিল তারা।
ইসহাক ও ইমনের মতো সুবিধাবঞ্চিত ৩০ জন শিশুর জন্য এমন আনন্দের উপলক্ষ এনে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন কাকতাড়ুয়া।
১৯ জুলাই সন্ধ্যায় নগরের জিইসি এলাকার একটি রেস্তোরাঁয় বসে সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছেপূরণের এ আয়োজন। অনাড়ম্বর পরিবেশে নিজেদের মতো সময় কাটায় এসব শিশু। কেক কাটার মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর কখনো হাসি, কখনো গান ও নাচে কেটে যায় সময়। প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়া হয় ঈদের বিশেষ উপহার। রাত নয়টায় ভাঙে এ আসর। এরপর গাড়িতে করে শিশুদের বাসায় ফিরিয়ে দিয়ে আসেন স্বেচ্ছাসেবকেরা। এর আগে ৫ জুলাই কাজীর দেউড়ি এলাকায় এই ৩০ শিশুর হাতে ঈদের নতুন জামা ও জুতা তুলে দেন কাকতাড়ুয়ার স্বেচ্ছাসেবকেরা।
কাকতাড়ুয়ার সংগঠক মুনজাবের কাশেম ও নাজমুন নাহার বলেন, এ আয়োজন সুবিধাবঞ্চিত কিছু শিশুর মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র একটি প্রচেষ্টা। স্বেচ্ছাসেবক ও পরিচিত মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাঁরা এ আয়োজন করেছেন।