তাদের ঈদ, পাহাড়ধসের পরে

রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের পর ছেলে দরবেশ আলী নিখোঁজ রয়েছেন। বেঁচে আছেন কি না, মা সালেহা খাতুন (৭০) আজও জানেন না। আজ এই প্রথমবারের মতো ছেলেকে ছাড়া ঈদ করছেন মা।
রাঙামাটি শহরের রূপনগর এলাকায় বাড়ি সালেহা খাতুনের। ছেলে দরবেশের এক ছেলে ও এক মেয়ে আছে। সালেহা খাতুন জানেন না, এই দুই শিশুকে নিয়ে কী করবেন তিনি। আজ ঘোর দুঃসময়ের ঈদ তাঁদের। তাঁর মতো আরও অনেক পরিবারের। এঁরা সবাই আশ্রয় নিয়েছেন রাঙামাটি সরকারি কলেজের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। স্বজন হারানো, বাস্তুহারা এসব মানুষের কাছে আজ অবশ্য এগিয়ে এসেছে জেলা প্রশাসন। প্রতিটি পরিবারের সদস্য পেয়েছেন নতুন পোশাক, সেমাইসহ নানা খাবার।
স্বজন হারিয়ে এমন ঈদ এঁরা কেউই চাননি। সেই নিরানন্দ ঈদ স্বভাবতই তাঁদের মনে আনেনি কোনো আনন্দ। তবে জেলা প্রশাসনের উদ্যোগ তাঁদের এই কষ্টে কিছুটা প্রলেপ দিতে পেরেছে। রাঙামাটি সরকারি কলেজে আশ্রয় নেওয়া রিনা বেগম এমন কথাই জানালেন। তিনি তাঁর বড় ভাইকে হারিয়েছেন।

পাহাড়ধসের আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারদের ঈদ উদ্যাপনের আয়োজন করেছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন খাবারে আপ্যায়ন করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রোববার ঈদ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পোশাক দেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, জেলা প্রশাসনের উদ্যোগের ঈদ উপলক্ষে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৭৯০ পরিবারে ৩ হাজার ৪৯০ জনকে পোশাক দেওয়া হয়েছে। বাঙালিদের পাশাপাশি পাহাড়িদেরও পিনন, খাদিসহ বিভিন্ন পোশাক দেওয়া হয়। বাঙালিদের বয়সভেদে পাঞ্জাবি, লুঙ্গি, শাড়িসহ শিশুদের পোশাক দেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসন মো. মানজারুল মান্নান বলেন, ‘পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে আমরা তাঁদের সঙ্গে ঈদ করেছি। ঈদ উপলক্ষে সবাইকে নতুন জামাকাপড় দেওয়া হয়েছে। আজ সোমবার আশ্রয়কেন্দ্রে সাধারণত ঈদের দিনে যেসব খাবার—পোলাও, মাংস, বিরিয়ানি, সেমাইসহ সবকিছু দেওয়া হয়েছে।’