তাদের ছবি এখন খাতার মলাটেও!
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত বিভিন্ন সিরিয়ালের নায়ক-নায়িকাদের ছবিসংবলিত খাতা অবাধে বিক্রি হচ্ছে। এসব খাতার মূল ক্রেতা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভারতীয় নায়ক-নায়িকাদের এসব চাকচিক্যময় ছবি শিশুমনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা।
উপজেলার বিভিন্ন হাটবাজারের স্টেশনারি ও মুদি দোকানে এসব খাতা বিক্রি হচ্ছে। সংশ্লিষ্ট দোকানদারেরা জানান, অন্য ছবিসংবলিত খাতার চেয়ে এসব খাতার চাহিদা বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার তিনজন স্কুলশিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশি কাটতির আশায় কোমলমতি শিশুদের আকৃষ্ট করতে খাতার ওপরের ও শেষের পাতায় স্টার জলসাসহ ভারতীয় বিভিন্ন চ্যানেলে প্রচারিত সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র কিরণমালা, কুমার, মহারানি কটকটি, বজ্রমালা, প্যাকাটিমাসহ অন্য নায়ক-নায়িকাদের ছবি ছাপিয়ে অবাধে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া ওই সব ছবির স্টিকারও বাজারে পাওয়া যাচ্ছে। শিশুরা তা কিনছে দেদার। অনেকে বই-খাতার ওপর সাঁটিয়ে নিচ্ছে এসব স্টিকার।
উপজেলার বড়বিল মন্থনা গ্রামের অন্তত ১০ জন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির নারীরা বেশির ভাগ সময় এসব ভারতীয় সিরিয়াল দেখেন। শিশুরাও তাঁদের সঙ্গে এসব সিরিয়াল দেখে। পরে বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের কাছে নায়ক-নায়িকাদের ছবিযুক্ত খাতা দেখে তা কিনে দিতে অভিভাবকদের কাছে বায়না ধরছে।
আশরাফুল আলম নামের এক অভিভাবক বলেন, ‘মুই তো অত বোজো না। মোর ছয় বছর বয়সের বেটিটা (মেয়ে) কিরণমালা খাতা তিন দিন কিনবার কইছেলো। মুই তাক নিগাও নাই। পরে দুই দিন কান্দিছে। পরে সেই খাতা কিনা দিচু।’
গঙ্গাচড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আখের মিয়া বলেন, খাতার ওপর এসব নায়ক-নায়িকার ছবি থাকায় শিশুরা বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। বাজার থেকে অতি দ্রুত এসব খাতা সরিয়ে ফেলা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তিনি।
ফরহাদ হোসেন নামের এক স্কুলশিক্ষক বলেন, ‘খাতার ওপরে এসব ছবির বদলে শাপলা, দোয়েল, জাতীয় পতাকা, দেশের মানচিত্র, মুক্তিযুদ্ধের স্মৃতি কিংবা এ দেশের ঐতিহ্যের কোনো ছবি থাকলে শিক্ষার্থীরা তা দেখে নিজের দেশ সম্পর্কে জানতে পারত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক বলেন, ‘আমার কাছে কেউ এ রকম কোনো অভিযোগ করেনি।’