তাদের পাশে দাঁড়াল না কেউ
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার কারণে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ওকড়াবাড়ী হাটে হিন্দু সম্প্রদায়ের ৪৭টি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল নির্বাচনবিরোধীরা। ঘটনার পর এক মাস পার হওয়ার পরেও প্রশাসন বা কোনো মানবাধিকার সংগঠন তাদের পাশে দাঁড়ায়নি। এমনকি তারা কোনো সহায়তাও পায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার এক মাস পাঁচ দিন পরও জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি বা কোনো মানবাধিকার সংগঠন তাদের সাহায্য করা তো দূরে থাক, সমবেদনা পর্যন্ত জানাতে আসেননি। দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই এলাকার ভোটকেন্দ্র ছিল খোসনা এসসি স্কুল অ্যান্ড কলেজে। ওই কলেজের অধ্যক্ষ ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক অভিযোগ করেন, গত ৫ জানুয়ারি বেলা দুইটা পর্যন্ত কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। এরপর জামায়াত ও বিএনপির লোকজন ভোটকেন্দ্র আক্রমণ করতে আসছে—এমন খবর পাওয়ার পর পুলিশ ও বিজিবির সহায়তায় ব্যালট বাক্সসহ মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আধা ঘণ্টার মধ্যেই জামায়াত ও বিএনপির অর্ধশতাধিক সশস্ত্র লোক ওকড়াবাড়ী হাটে আক্রমণ চালায়। হাটে এসে তারা বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের ৪৭টি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। হামলাকারীরা বাজারসংলগ্ন তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের দুটি শ্রেণীকক্ষও পুড়িয়ে দেয়।
গত রোববার বেলা ১১টায় ওকড়াবাড়ীহাটে গিয়ে রাস্তার দুই পাশে পুড়ে যাওয়া দোকানঘর, পাঁচটি মেহগনি ও তিনটি কাঁঠালগাছ দেখা যায়।
মুদি ব্যবসায়ী দৈক্ষ্যনাথ অভিযোগ করেন, ৫ জানুয়ারি সকালে হাটে অনেকেই দোকান খুলেছিলেন। তখন গন্ডগোল হতে পারে এমন কানাঘুষা চলছিল। তাই আতঙ্কে সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বেলা দুইটার পর বিএনপি ও জামায়াতের লোকজন আগুন দেয়। চাল, ডাল, তেল, লবণসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কীটনাশক ও সার ব্যবসায়ী সবুজ রায় বলেন, তাঁর দোকান পুড়ে দিয়ে লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে। একইভাবে মিঠুন রায়ের পান দোকান, রঞ্জন রায়ের চায়ের স্টল, বুধারী শীলের সেলুনের দোকান, আওয়ামী লীগ-সমর্থক দুলাল হোসেনের জুতার দোকান ভস্মীভূত হয়।
ভুক্তভোগীরা জানান, ৮ নম্বর সাইতাড়া, ১ নম্বর নশরৎপুর, ২ নম্বর সাতনালা—এই তিনটি ইউনিয়ন থেকে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা এসে ওকড়াবাড়ী হাটে আগুন দেন এবং লুটপাটের ঘটনা ঘটান।
এ ঘটনায় কোনো মামলা করা হয়নি। কেন মামলা করেননি জানতে চাইলে তাঁরা বলেন, ভোট দিতে যাওয়ার কারণে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। মামলা করলে তো বসবাস করাই কঠিন হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছি। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে আমাদের কেউ জড়িত নন।’
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এ কে এম মোর্শেদ জানান, খবর পাওয়ার পর বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
জেলা প্রশাসক বলেন, তাঁকে এই ঘটনার কথা কেউ জানাননি। এই প্রতিনিধির কাছেই প্রথম ঘটনার কথা জানতে পারলেন তিনি।