তাদের ফাঁসি হলে আমরা খুশি হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজন গাড়িচালকও ছিলেন। আততায়ীদের মূল লক্ষ্যবস্তু না হলেও ঘাতকদের হাত থেকে তাঁরাও রেহাই পাননি। তাঁরা হলেন আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহিম ও নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম।

গতকাল হাইকোর্টের রায়ের পর স্বস্তি প্রকাশ করেছেন এই দুই গাড়িচালকের স্বজনেরা।

মো. ইব্রাহিমের স্ত্রী হনুফা বেগম রায়ের প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ‘নূর হোসেন আর তারেক সাঈদ আমার স্বামীরে মাইরা আমাগো জীবন শেষ কইরা দিছে, তাদের ফাঁসিতে আমরা খুশি।’

গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলগীরচর গ্রামে ইব্রাহিমের বাড়িতে গিয়ে দেখা যায়, উচ্চ আদালতের রায়ের
খবর টেলিভিশনে দেখেছেন নিহত ইব্রাহিমের দুই স্ত্রী মাহমুদা বেগম, হনুফা বেগম ও তাঁদের ছেলেমেয়েরা।

রায়ের পর অশ্রু মোচন করে মাহমুদা ও হনুফা বেগম বলেন, ইব্রাহিমের মৃত্যুর পর পাঁচ ছেলেমেয়ে নিয়ে তাঁরা অর্থকষ্টে আছেন। দুজনই অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করছেন।

মুঠোফোনে ইব্রাহিমের বাবা আবদুল ওহাব জানান, ‘ইব্রাহিমের মৃত্যুর পর আমার পুরো সংসার তছনছ হয়ে গেছে। দ্রুত এ রায় কার্যকর দেখে মরতে পারলে শান্তি পাব।’

গাড়িচালক জাহাঙ্গীর আলমের স্ত্রী শামসুন নাহার বলেন, ‘এই রায়ে আমি খুব খুশি। আমরা চাই দ্রুত এই রায় কার্যকর করা হোক। ফাঁসি কার্যকর করা হলে আমরা সাতটি পরিবার খুবই খুশি হব।’

শামসুন নাহার বলেন, ‘আমার স্বামীসহ সাতজন মানুষকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমার স্বামীর লাশের পেট ফুটো করে দেওয়া হয়েছে। তার লাশটি ধরে যে আমরা কাঁদব, সেই অবস্থা ছিল না। আমার বাচ্চা জন্মের পর তার বাবাকে দেখেনি। আমি আমার মেয়েটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।’