তাদের ভারত বিরোধিতা কেবল মুখে মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় মহানন্দা নদীর ওপর ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় মহানন্দা নদীর ওপর ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করেন l ছবি: পিআইডি

বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা মুখে ভারতের বিরোধিতা করে। বিরোধিতার নামে রাজনীতি করে। আর ক্ষমতায় থাকার সময় ভারতের তাঁবেদারি করে।
গতকাল শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের কাছ থেকে দেশের ন্যায্য অধিকার আদায় করে।
মুজিব-ইন্দিরা চুক্তি, সমুদ্রসীমা লাভের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্যে ভারতের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করতে পেরেছি। বিশাল সমুদ্রসীমা আদায় করেছি ভারত ও মিয়ানমারের কাছ থেকে। গঙ্গা পানি চুক্তি করেছি। ভারতের সঙ্গে অনেক সমস্যা ছিল। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে। সীমান্ত চুক্তির সমাধানের ফলে ছিটমহলবাসীর জীবনে আর দুঃখ-কষ্ট থাকবে না। তাঁদের সব সমস্যা সমাধানের ব্যবস্থা আমরা করে দেব।’
শেখ হাসিনা আরও বলেন, আমরা সরকার গঠন করতে পেরেছি বলেই উন্নয়ন করতে পেরেছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানেই উন্নতি। আর বিএনপি-জামায়াত মানেই ধ্বংসের রাজনীতি। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি। আমরা মাথাপিছু আয় ১৩৭০ ডলারে উন্নীত করেছি। পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে উঠে এসেছে। আরও ১০ ভাগ মানুষ দারিদ্র্যমুক্ত হবে। উত্তরবঙ্গে আগে মঙ্গা ছিল। এখন আর নেই। প্রত্যেক মানুষ খেয়ে-পরে বাঁচতে পারছে।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক তৎপরতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা কানসাটে পল্লী বিদ্যুৎ কেন্দ্র আগুন দিয়ে ধ্বংস করে। পর্যটন মোটেলে আগুন দেয়, প্রকৌশলীকে হত্যা করে। আওয়ামী লীগ নেতা এনামুল হকসহ ২০ জনকে হত্যা করে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কানসাট বিদ্যুৎ আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা বিদ্যুৎ দিতে পারে না অথচ বিদ্যুতের জন্য আন্দোলনকারীদের গুলি করে মারে।

চাঁপাইনবাবগঞ্জে পর্যটনকেন্দ্র ও শিশুপার্ক স্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে নেপাল পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের তিন সাংসদ আবদুল ওদুদ, গোলাম মোস্তফা বিশ্বাস, গোলাম রাব্বানী প্রমুখ।

‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন: সমাবেশের আগে বেলা একটার দিকে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় মহানন্দা নদীর ওপর ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করেন। এ ছাড়া তিনি যুব প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গোমস্তাপুর উদ্বোধনসহ পাঁচটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।