তাদের যুদ্ধ জয়ের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার বাধা ডিঙানো দৃষ্টিপ্রতিবন্ধী তিন শিক্ষার্থী তন্ময় দত্ত, বেবি দে ও নার্গিস আক্তার । গতকাল বেলা একটায় চট্টগ্রামের মুরাদপুর দৃষ্টিপ্রতিবন্ধি বিদ্যালয়ে l প্রথম আলো
প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষার বাধা ডিঙানো দৃষ্টিপ্রতিবন্ধী তিন শিক্ষার্থী তন্ময় দত্ত, বেবি দে ও নার্গিস আক্তার । গতকাল বেলা একটায় চট্টগ্রামের মুরাদপুর দৃষ্টিপ্রতিবন্ধি বিদ্যালয়ে l প্রথম আলো

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ড্রিম স্টার অটিজম একাডেমিতে গতকাল রোববার ছিল আনন্দের বন্যা। গতকাল সেখানে অধ্যয়নরত শিশু-কিশোরদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উত্তীর্ণ শিশুদের হাতে তুলে দেওয়া হয় ফলাফল বিবরণী ও পুরস্কার। তার আগের দিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চার শিক্ষার্থীও তাদের অভিভাবকদের সঙ্গে মিষ্টি হাতে স্কুলে হাজির। তাই ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবক সবার মধ্যে খুশির ছটা। কেবল পরীক্ষায় পাস নয়, তাদের সবার মধ্যে যেন যুদ্ধ জয়ের আনন্দ।

একই রকম দৃশ্য দেখা গেছে নগরের মুরাদপুরের সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ে। ওই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাতজন ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১১ জন পাস করেছে। গতকাল একরাশ উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা হাজির হন বিদ্যালয়ে। দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের এই সাফল্যের অংশীদার শিক্ষক, অভিভাবক সবাই।

পাঁচলাইশের ড্রিম স্টার অটিজম একাডেমির চার অটিজম শিক্ষার্থীর মধ্যে সামী আল মাহি জিপিএ- ৪ দশমিক ২৫ পেয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাস করেছে। মাহির মা শাহনাজ বেগম ছেলের এমন সাফল্যে আপ্লুত। তিনি প্রথম আলোকে বলেন, ‘খুব খারাপ লাগত, যখন অন্যান্য স্বাভাবিক ছেলেমেয়েদের পরীক্ষা দিতে দেখতাম। তাই নিজের ছেলে যখন এত কাঠখড় পুড়িয়ে পরীক্ষায় বসল খুব খুশি হয়েছি। ওর পাস করাটা আমাদের জন্য বাড়তি পাওয়া। সব সম্ভব হয়েছে শিক্ষকদের জন্য। বলতে বলতে গলা ধরে আসে শাহনাজ বেগমের। তাঁর এক মেয়ে, এক ছেলের মধ্যে মাহি অটিজম আক্রান্ত। পাশেই শান্ত হয়ে বসেছিল সে। জানতে চাইতেই বলল, ক্লাস সিক্সে উঠেছি।’ 

জিপিএ-৪ পাওয়া আরেক অটিজম শিক্ষার্থী দাউদ ইসলাম বসেছিল ছোটদের শ্রেণিকক্ষে। সেখানে ছোটদের বার্ষিক ফলাফল প্রকাশ করা হচ্ছিল। একই কক্ষে ছিল কাজী নাজুওয়া হাসান ও তাসনিম আক্তার। নাজুওয়া পেয়েছে জিপিএ-৪ দশমিক ৩৩ ও তাসনিম ৪ দশমিক ৪২।

তাসনিমের মা নিশাত নূর আক্তার মেয়ের ফলাফলের জন্য শিক্ষকদের কৃতিত্ব দিলেন। তিনি বলেন, একসময় অশান্ত ছিল মেয়েটি। স্কুলে নিয়মিত আসায় অস্থিরতা কমেছে। খুব ভালো লাগছে মেয়ের সাফল্যে।

প্রাথমিকের বাধা ডিঙিয়েছে অটিজমে আক্রান্ত (বাম দিক থেকে) দাউদ, সামী, তাসনিম ও নাজওয়া। গতকাল দুপুর ১২টায় ড্রিম স্টার অটিজম একাডেমিতে l প্রথম আলো
প্রাথমিকের বাধা ডিঙিয়েছে অটিজমে আক্রান্ত (বাম দিক থেকে) দাউদ, সামী, তাসনিম ও নাজওয়া। গতকাল দুপুর ১২টায় ড্রিম স্টার অটিজম একাডেমিতে l প্রথম আলো

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা জেরিন বলেন, এসব শিক্ষার্থীদের অনেক যত্ন করতে হয়। অনেক কষ্টে তাদের মন বসাতে হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের কষ্ট আজ সার্থক হয়েছে বলে তিনি জানান। বাধা পেরিয়েছে তারা।

উল্লেখ্য অটিজমে আক্রান্ত শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। অটিজমে আক্রান্ত এই চার শিক্ষার্থীর বয়স স্বাভাবিক শিক্ষার্থীদের চেয়ে বেশি। তারা নিজেরাই উত্তরপত্রে লিখেছে। তবে এ জন্য পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সঙ্গে ছায়া শিক্ষক ছিলেন।

মুরাদপুরের সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উম্মে হাবিবা জিপিএ-৪ দশমিক ২৫ পেয়েছে। এ ছাড়া এস এম সিয়াম, সুমনা আক্তার ও আবুল মনসুর পেয়েছে ৪ দশমিক ১৭ করে। নার্গিস আক্তার ৩ দশমিক ৭৫, হিমু আইচ ৩ দশমিক ৫০ ও তন্ময় দত্ত ৩ দশমিক ৫৮ পেয়ে উত্তীর্ণ হয়।

গতকাল বিদ্যালয়ের ছাত্রাবাসে গেলে কথা হয় শিক্ষার্থীদের সঙ্গে। কেমন লাগছে জানতে চাইলে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তন্ময় দত্ত বলে, ‘পরীক্ষায় পাস করেছি খুশি লাগছে। জেএসসি ও এসএসসিতেও ভালো করতে চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, গত বছর জেএসসিতে ১২ জন ও পিইসিতে ৮ জন পাস করেছিল। প্রতিবন্ধী শিশুরা বাধা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের কাছে এটা যুদ্ধ জয়ের মতো। অনেক বড় সাফল্য।