তানজানিয়ায় আটক ২০ বাংলাদেশি ফিরছেন
আফ্রিকার দেশ তানজানিয়ার কারাগারে আটক ২০ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরছেন। আগামীকাল শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে তাঁরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এই বাংলাদেশিরা হলেন আনিস খান, বিটু মিয়া, আলীনূর, ফারুক হাওলাদার, ওহিদ হাওলাদার, মোহাম্মদ রাসেল, কালা চান, জাহিনুর রহমান, আমানুল হক, ফজলুল হক, বিল্লাল, আবদুল মালেক, আলাউদ্দিন, জামাল হোসেন, আবু নাসের, রমজান মিয়া, শহীদি আহমেদ, মাসুম মিয়া, কাবিল মিয়া ও হেলালউদ্দিন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (কল্যাণ) মোহসিন চৌধুরী প্রথম আলোকে জানান, দালালদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে গত বছর এই বাংলাদেশিরা তানজানিয়া পুলিশের হাতে আটক হন। দীর্ঘদিন তাঁরা কারাগারে ছিলেন। দরিদ্র পরিবারগুলো তাঁদের ফেরত আনার খরচ দিতে না পারছিল না। এ তথ্য জানতে পেরে ব্যবসায়ী প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ আর্থিক সহায়তার প্রস্তাব করে। তারপর বিএমইটি ও কেনিয়ার বাংলাদেশ দূতাবাস ভ্রমণের কাগজপত্র তৈরি করে তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। ২০১১ সালের ১ অক্টোবর আটক ওই বাংলাদেশিদের নিয়ে প্রথম আলোয় ‘অবৈধ পথে দক্ষিণ আফ্রিকা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।