তানজিনার মেডিকেলে পড়ার দায়িত্ব নিল এসআইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী তানজিনার হলে থাকা-খাওয়াসহ পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ব্যাংকের পক্ষ থেকে গতকাল সোমবার পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
গতকাল প্রথম আলোতে ‘সুযোগ পেয়েও অনিশ্চয়তা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান তানজিনাকে সহযোগিতা করার আশ্বাস দেন।
এসআইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ এম এম ফরহাদ বলেন, তানজিনাকে ব্যাংক হিসাব খুলতে বলা হয়েছে। হলে থাকা-খাওয়াসহ পড়াশোনার যাবতীয় খরচ ওই হিসাব নম্বরের মাধ্যমে তাঁকে দেওয়া হবে।
পীরগঞ্জ পৌর শহরের পশ্চিম রঘুনাথপুর মহল্লার মো. তসলিমউদ্দীন চা বিক্রি করে কোনো রকমে সংসার চালান। তাঁর মেয়ে তানজিনা এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ৫৮তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছেন।
এতে খুশি হলেও মেয়ের পড়াশোনা ও ভর্তির খরচ জোগাড় করা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন তসলিমউদ্দীন।