তানজিমুলের চিকিৎসা, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী তানজিমুল হক অয়নের সুচিকিৎসা ও সিএনজিতে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন থেকে অগ্নিদগ্ধ অয়ন ও তাঁর মায়ের চিকিৎসার খরচ বহনের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। এ ছাড়া এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের দ্রুত বিচারের দাবিও জানান শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য দেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক আফসার আহমদ, শিক্ষার্থী আবু কায়সার, আবু রায়হান, সজল আহমেদ প্রমুখ।
২০-দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন গত রোববার রাত আটটার দিকে মিরপুরের কাজীপাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অয়ন, তাঁর মা ও ছোট বোন অগ্নিদগ্ধ হন। অয়ন ও তাঁর মায়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।