তানভীর কাদেরীর কিশোর ছেলে ৩ দিনের রিমান্ডে
ঢাকার আজিমপুরে পুলিশের অভিযানের সময় নিহত জঙ্গি তানভীর কাদেরীর ১৪ বছর বয়সী ছেলে তাহরীম কাদেরীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
তাহরীমকে গতকাল রোববার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার (এসি) আহসানুল হক ঢাকা মহানগর কিশোর আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান। বিচারক রুহুল আমিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে পুলিশ বলেছে, কিশোরটি জেএমবির সদস্য। ঘটনার দিন পুলিশ ওই জঙ্গি আস্তানার একটি কক্ষে ঢোকে। এ সময় সে দরজা আটকে দিয়েছিল। পুলিশ দরজা খুলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই কিশোর পুলিশের ওপর ছুরি হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার পরিবারের সবাই জেএমবির সদস্য। ওই বাসায় যাতায়াতকারী আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় নারী-পুরুষের বিষয়ে সে প্রাথমিক তথ্য দিয়েছে। জঙ্গি সংগঠনের আস্তানার সন্ধান, জঙ্গিদের নাম-ঠিকানা জানতে বিভিন্ন স্থানে তাকে নিয়ে অভিযান পরিচালনার জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
আদালতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
১০ সেপ্টেম্বর আজিমপুরের ২০৯/৫ পিলখানা রোডের ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে ওই বাসা থেকে আহতাবস্থায় তিন নারীকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, তানভীর কাদেরীর যমজ দুই ছেলে। তারা ধানমন্ডির একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। অপর ছেলের হদিস এখনো পুলিশ পায়নি।