সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা দুটি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে এ দুই মামলায় বিচারকাজ শুরু হলো।
একই ঘটনায় করা ১১ মামলার মধ্যে বাকি নয়টি মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
এ ছাড়া সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার একটি মামলায় তানভীরের স্ত্রী জেসমিন ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায়ও ৩ মার্চ সাক্ষ্য গ্রহণ করা হবে।
গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। গতকাল মোট ১২টি মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। আসামি তুষার আহমেদ মানি লন্ডারিং আইনে করা বাকি নয়টি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। আগামী ৩ মার্চ এসব মামলায় হাইকোর্টের আদেশ দাখিল করতে হবে না, হলেও অভিযোগ গঠনের আদেশ দেবেন আদালত।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা (শেরাটন) হোটেল শাখা থেকে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোট ৩৮টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে প্রায় ৩৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৭টি মামলা করা হয়। গত বছরের ৭ অক্টোবর ফান্ডেড (স্বীকৃত বিলের বিপরীতে দায়) ১ হাজার ৫৬৮ কোটি ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে ১১টি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। এসব মামলার সব কটিতেই জেসমিন ইসলাম আসামি।