ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তানভীর মোহাম্মদ ওরফে তামিমকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।
গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তানভীর মোহাম্মদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। রিমান্ডের আবেদনে বলা হয়, রিয়াজুল হক খান হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত বুধবার রাজধানীর বাড্ডা থেকে তানভীর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৩ সালে গুলশানে একটি বিপণিকেন্দ্রের বাইরে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) তৎকালীন সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় রিয়াজুলের ভাই রাশিদুল হক খান গুলশান থানায় একটি মামলা করেন।