তানভীর হত্যা ধামাচাপা দিতেই পারভেজকে গুমের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজকে গুমের মিথ্যা মামলা দিয়ে ওসমান পরিবার দীর্ঘদিন ধরে তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টায় লিপ্ত রয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতারা এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তাঁর আত্মীয়স্বজন এবং স্থানীয় যুবলীগের নেতাদের ছবিসংবলিত একটি পোস্টার জেলা শহরে সাঁটানোর মাধ্যমে ওসমান পরিবার শহরবাসীকে জানাতে চাইছে, মেয়র আইভীর নির্দেশে পারভেজকে গুম করা হয়েছে। বিবৃিতিতে আরও বলা হয়, তানভীর হত্যার তদন্তকারী সংস্থা সম্প্রতি উল্লেখ করেছে, আজমেরী ওসমানের নেতৃত্বে তাঁর টচার্র সেলে ত্বকীকে হত্যা করা হয়েছে। যদিও তানভীরের বাবা রফিউর রাব্বি বরাবরই দাবি করে আসছেন, এ হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, নাসিম ওসমান ও অয়ন ওসমান। এই শহরে ওসমান পরিবারের হত্যার ইতিহাস নতুন নয়। দীর্ঘদিন ধরে তাঁরা হত্যা ও গুমের রাজনীতির সঙ্গে যুক্ত।
পারভেজ নিখোঁজ হওয়ার কিছুদিন আগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সমাবেশে অস্ত্রসহ হাজির হয়ে জোটের কর্মকর্তাদের হত্যার হুমকি দেন। পরে এ ঘটনা পত্র-পত্রিকায় প্রকাশিত হলে যুবলীগের কেন্দ্রীয় কমিটি তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে। পারভেজকে এই ওসমান পরিবারই গুম করেছে বলে নারায়ণগঞ্জবাসী মনে করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বিভিন্ন সংগঠনের নেতারা পারভেজকে গুমের রহস্য দ্রুত উদ্ঘাটন করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, ওয়ার্কার্স পাটির জেলা কমিটির সম্পাদক হিমাংশু সাহা, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ প্রমুখ।