তানভীর হত্যার দায় রাষ্ট্র এড়াতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় দেশে-বিদেশে প্রতিবাদ সমাবেশ, আন্দোলন ও মানববন্ধন হলেও সরকারের টনক নড়েনি। এ হত্যার দায় রাষ্ট্র এড়াতে পারে না।গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ আয়োজিত ‘ত্বকী হত্যা-রাজনৈতিক-সামাজিক দুর্বৃত্তায়ন ও রাষ্ট্রের দায়: প্রেক্ষিত নারায়ণগঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিযোগ করেন। বক্তারা বলেন, এক মাসেও তানভীরের মূল হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত হিসেবে তাঁর বাবা রফিউর রাব্বি পুলিশের কাছে শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমানসহ সাতজনের নাম জমা দিয়েছেন। কিন্তু কাউকেই আটক করা হয়নি। অথচ শামীম ওসমান ও তাঁর পরিবার হুমকি-ধমকির মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, শামীম ওসমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা পরিষ্কার করা সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে সন্ত্রাসের সঙ্গে আপস করে দ্বিমুখী আচরণ করার কোনো অবকাশ নেই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে আশিক ও মিঠুসহ অনেকেই নৃশংস হত্যার শিকার। কারা করেছে তা সবাই জানে। শামীম ওসমান ও তাঁর পরিবার দাবি করে, তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই। আসলে এ পরিবারটির বিরুদ্ধে অভিযোগ করার মতো কেউ সাহস করেনি। কিন্তু রফিউর রাব্বি তা করেছেন। আমরা তাঁর সঙ্গে থেকে হত্যাসহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে যাব।’সাংবাদিক এবিএম মূসা বলেন, তানভীর হত্যার ঘটনায় নারায়ণগঞ্জে অগ্ন্যুৎপাত ঘটেছে।গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেন, তানভীর হত্যার ঘটনায় যে আন্দোলনের সূচনা হয়েছে, তা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তানভীরকে হত্যা করে রফিউর রাব্বিকে দমাতে চেয়েছিল মাফিয়া চক্র। কিন্তু তিনি দমে যাননি।অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছাড়া একটি পরিবার এ ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে না। তা ছাড়া ঘটনার তদন্তে পুলিশের আচরণ রহস্যজনক। রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা সবাই জানি, তানভীরকে কারা খুন করেছে। সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এ কারণে তারা একের পর হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে।’ গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, লেখক ও গবেষক হায়াৎ মামুদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ। তানভীর হত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ড ও নারায়ণগঞ্জে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবিতে রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষকে নিয়ে গত ১৮ মার্চ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ গঠিত হয়েছিল।নিখোঁজের দুই দিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ। শুরু থেকেই তার পরিবার এ হত্যার জন্য শামীম ওসমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে আসছে।